Logo
Logo
×
   

আনন্দ নগর

২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা!

বলিউড, টলিউড কিংবা দক্ষিণী সিনেমা-অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বহুবার নতুনত্বের নজির গড়েছে। তবে এবার সেই ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরও একটি ব্যতিক্রমী অধ্যায়। অভিনেত্রী রাশমিকা মান্দানাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ভারতের প্রথম নারী-নেতৃত্বাধীন আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স, যার শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ‘মাইসা’ ছবির নির্মাতারা।

আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘মাইসা’তে রাশমিকাকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্নরূপে। রোমান্টিক ও আবেগঘন চরিত্রে দর্শকদের মন জয় করা এ অভিনেত্রী এবার হাজির হচ্ছেন দুর্ধর্ষ অ্যাকশন অবতারে। আর সেই রূপান্তরের সবচেয়ে বড় প্রমাণ সিনেমার এ উচ্চাভিলাষী পানির নিচের যুদ্ধদৃশ্য।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, দৃশ্যটির শুটিং হয়েছে টানা দুদিন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পুরো সিকোয়েন্সে রাশমিকা কোনো বডি ডাবলের সাহায্য নেননি। প্রায় ২০ ঘণ্টা পানির নিচে অবস্থান করে তিনি নিজেই শুটিং সম্পন্ন করেছেন। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং অভিনয় দক্ষতার এক অনন্য সমন্বয় হিসাবেই দেখছেন অনেকে এ অর্জনকে।

শুটিং শেষ হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেপথ্য ছবি ও ভিডিও শেয়ার করেছেন নির্মাতারা। সেখানে তারা লিখেছেন, ‘তলদেশই শেষসীমা নয়। গভীর জলের নিচে অপেক্ষা করছে এমন এক লড়াই, যা ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি।’ তাদের দাবি, এটি শুধু একটি অ্যাকশন দৃশ্য নয়, বরং ভারতীয় অ্যাকশন সিনেমার জন্য একটি নতুন মাইলফলক।

অন্যদিকে রাশমিকাও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘জীবনে এখন পর্যন্ত করা সবচেয়ে কঠিন কাজ এটি। হয়তো আমরা একটু পাগল, কিন্তু এ পাগলামিই আমাকে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত করেছে।’

রবীন্দ্রা পুল্লের পরিচালনায় নির্মিতব্য ‘মাইসা’য় আদিবাসী অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত একটি আবেগঘন অ্যাকশন থ্রিলার গল্পের পাশাপাশি গুরুত্ব পেয়েছে বাস্তবধর্মী এবং চ্যালেঞ্জিং অ্যাকশন উপস্থাপনা। গত কয়েক বছরে ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’ ও একাধিক সফল ছবির মাধ্যমে নিজের জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন রাশমিকা মান্দানা। তবে ‘মাইসা’ তার ক্যারিয়ারের অন্যতম সাহসী ও শারীরিকভাবে কঠিন প্রকল্প হয়ে উঠতে যাচ্ছে বলেই মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।

যদিও সিনেমাটির টিজার এখনো প্রকাশ করা হয়নি, নির্মাতারা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, শিগ্গির আসছে প্রথম ঝলক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাইসা’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .