গোবিন্দ। সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড তারকা গোবিন্দ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি তার নতুন সিনেমা ‘রূপা’র ঘোষণা দেন। সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচনের পাশাপাশি নবাগত অভিনেত্রী রানি স্বরাঙ্করকে পরিচয় করিয়ে দেন এবং জানান, এর প্রযোজনাও করছেন তিনি নিজেই। একসময়ের সুপারস্টার গোবিন্দ বলেন, অনেকেই মনে করেছিলেন তিনি আর সিনেমায় ফিরবেন না। তবে তিনি কখনো হাল ছাড়েননি। গোবিন্দ বলেন, “মানুষ বলত, ‘এখন আর তিনি সিনেমায় দেখা দেবেন না।’ কিন্তু আমি সব সময় নতুন করে শুরু করেছি।” অভিনেতা জানান, রূপা মূলত তরুণদের জন্য নির্মিত। তিনি আশা করেন, সিনেমাটি দর্শকদের স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে সংখ্যাতত্ত্বে নিজের বিশ্বাসের কথাও তুলে ধরেন অভিনেতা। তিনি জানান, ১৪ তার সৌভাগ্যের সংখ্যা। ১৪ বছর বয়সে সংখ্যাতত্ত্বে বিশ্বাস শুরু, এক সপ্তাহে ১৪টি সিনেমায় চুক্তি, ১৪ বছরের সুপারস্টারডম এবং ১৪তম লোকসভার সদস্য হওয়ার মতো ঘটনাগুলোকে তিনি এ সংখ্যার সঙ্গে যুক্ত করেন। গোবিন্দর আশা, রূপা তার ক্যারিয়ারের নতুন ও সফল অধ্যায়ের সূচনা করবে।
