Logo
Logo
×

অটোটেক

বৈশ্বিক ইভি বাজারে ক্ষমতার নতুন মেরুকরণ

টেসলাকে টপকে শীর্ষে বিওয়াইডি

Icon

তানজিমা হালিম

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বের ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাজারে এক ঐতিহাসিক পালাবদল ঘটেছে। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করা মার্কিন জায়ান্ট টেসলাকে ছাড়িয়ে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ইভি বিক্রেতার আসনে বসেছে চীনের বহুজাতিক কোম্পানি বিওয়াইডি। ২০২৫ সালের বার্ষিক বিক্রির পরিসংখ্যান এ পরিবর্তনের স্পষ্ট প্রমাণ দিচ্ছে। বিওয়াইডির ঘোষণায় বলা হয়েছে, গত এক বছরে প্রতিষ্ঠানটি সাড়ে ২২ লাখেরও বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। অন্যদিকে বিশ্লেষকদের প্রাক্কলন অনুযায়ী, টেসলার ২০২৫ সালের মোট বিক্রি দাঁড়াতে পারে প্রায় ১৬ লাখ ৪০ হাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার ইউনিটে। অর্থাৎ ব্যবধান শুধু সংখ্যায় নয়, বাজার নেতৃত্বেও। এ পরিবর্তন কেবল একটি কোম্পানির সাফল্যের গল্প নয়; বরং বৈশ্বিক ইভি শিল্পে ক্ষমতার ভারসাম্য কীভাবে ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বে সরে যাচ্ছে, তারই প্রতিফলন। বিওয়াইডির উত্থানের পেছনে সবচেয়ে বড় কারণ-কম দামে উন্নতমানের প্রযুক্তিনির্ভর গাড়ি সরবরাহ। চীনের ‘গিলি’, ‘এমজি’ ও বিওয়াইডির মতো কোম্পানিগুলো পশ্চিমা ব্র্যান্ডের তুলনায় অনেক কম দামে আধুনিক ইভি বাজারে আনতে সক্ষম হয়েছে। এতে টেসলার মতো প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতা দিন দিন কঠিন হয়ে উঠছে। টেসলার জন্য ২০২৫ সাল ছিল বেশ চ্যালেঞ্জিং। নতুন মডেল নিয়ে গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া, ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে বিতর্ক এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের তীব্র চাপ-সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এক ধরনের অস্বস্তিকর সময় পার করেছে। প্রতিযোগিতায় টিকে থাকতে টেসলা তাদের সবচেয়ে জনপ্রিয় ‘মডেল ৩’ ও ‘মডেল ওয়াই’-এর সাশ্রয়ী সংস্করণ বাজারে আনে। তবে টেসলার ভবিষ্যৎ কৌশল এখন আর শুধু গাড়িকেন্দ্রিক নয়। আগামী এক দশকে বিক্রি ও শেয়ারমূল্য বহুগুণ বাড়ানোর দায়িত্ব ইলন মাস্কের কাঁধে দিয়েছে টেসলা বোর্ড। বিশাল ‘পে প্যাকেজ’ নিশ্চিত করতে হলে মাস্ককে ১০ বছরে ১০ লাখ হিউম্যানয়েড রোবট বিক্রিসহ কঠিন লক্ষ্য পূরণ করতে হবে। এরই অংশ হিসাবে ‘অপটিমাস’ রোবট ও ‘রোবোট্যাক্সি’ প্রকল্পে বিপুল বিনিয়োগ চলছে। অন্যদিকে, ২০২৫ সালে বিওয়াইডির প্রবৃদ্ধির গতি কিছুটা কমলেও বৈশ্বিক বাজারে তাদের প্রভাব অটুট। কারণ একটাই-মূল্য ও সক্ষমতার সমন্বয়। ইভি বাজারে এখন স্পষ্ট বার্তা- শুধু প্রযুক্তি নয়, দামের লড়াইটাই নির্ধারণ করছে ভবিষ্যতের শীর্ষস্থান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম