হত্যা মামলার আসামিদের বাড়িতে দুর্বৃত্তের আগুন
মুলাদীতে দুটি ঘর পুড়ে ছাই
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে হত্যা মামলার আসামিদের দুই বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুলাদী ও মেহেন্দীগঞ্জের সীমান্তবর্তী পশ্চিম রতনপুরের মাছুম সিকদার ও রাজ্জাক সরদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই বাড়ির দুটি ঘর পুড়ে যায়। মাছুম সিকদার ও রাজ্জাক সরদার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলীর কৃষক বাবুল ব্যাপারী (৫০) হত্যা মামলার আসামি। তার গত ৭ জানুয়ারি জামিনে ছাড়া পেয়েছেন।
পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যাওয়ায় পরে দুর্বৃত্তরা ঘর পুড়িয়ে দেয় বলে দাবি করেছেন রাজ্জাক সরদার। আগুনে পুড়ে দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাচান দুটি ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাছুম সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেছেন।
পশ্চিম রতনপুর গ্রামের রাজ্জাক সরদার জানান, শুক্রবার বিকালে পরিবারের লোকজন নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা বাড়িতে আগুন দেখে বিষয়টি মোবাইল ফোনে তাকে জানায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাতেই বাড়িতে ফিরে দেখতে পান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজন ঘর পুড়িয়ে থাকতে পারে বলে দাবি করেন রাজ্জাক সরদার। আগুনে ঘরের আসবাবপত্র ও মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাছুম সিকদার বলেন, শুক্রবার স্ত্রী ও সন্তান বেড়াতে যাওয়ায় তিনি পার্শ্ববর্তী বাজারে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে খবর পান তার ঘর আগুনে পুড়ছে। দ্রুত বাড়ি ফিরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। ধার করে আনা নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে কাজীরহাট থানার ওসি নবীউল হাচান বলেন, বসতঘরে আগুনের ঘটনায় পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মাছুম সিকদার বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
