Logo
Logo
×

বাংলার মুখ

জেএসএসের প্রার্থী না থাকায় ফুরফুরে মেজাজে বিএনপি

বান্দরবান ৩০০ আসন এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াত

Icon

মোহাম্মদ ইলিয়াছ, বান্দরবান

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বান্দরবান ৩০০নং আসনেও জমজমাট হয়ে উঠেছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিং প্রু জেরী এবং অন্যদিকে জামায়াতে প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তাছাড়াও পাহাড়ি সংগঠন জেএসএসেরও প্রার্থী দেওয়ার কথা ছিল। সে সুবাদে নির্বাচনটা খুব জমজমাট হতে পারত। কিন্তু দিন যত ঘনিয়ে আসছে ততই পানসে হয়ে যাচ্ছে এই নির্বাচন। এতোদিন প্রচারণা চালিয়ে গেলেও তফসিল ঘোষণার পরে প্রথমেই বেঁকে বসেছেন তিন পার্বত্য জেলার জেএসএস সমর্থিত প্রার্থীরা। অজানা কারণে তিন পার্বত্য জেলায় প্রার্থী না দেওয়ার ঘোষণা দেন তারা। এতে সুবিধা বেড়ে যায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর। মোটামুটি বান্দরবানের উপজাতীয় ভোট নিজেদের ঘরে থাকবে বলে আশা করছেন বিএনপি।

এদিকে সারাবছর ঢাকঢোল পিটিয়ে প্রচারণা চালিয়ে মাঠ গুছিয়ে তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা হলো জামায়াতের প্রার্থী আবুল কালামের। এনসিপি নেতা এসএম সুজা উদ্দিনকে জোটের কারণে আসনটি ছেড়ে দিতে হলো। মঙ্গলবার তার নির্বাচনি মনোনয়ন কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রত্যাহার করতে বাধ্য হলেন। বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম আরা রিনি। ফলে বিএনপির প্রার্থীর জন্য নির্বাচনে জয়ী হওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে গেল। বিএনপি একপ্রকার খালি মাঠে গোল দেবে বলে মনে করছে স্থানীয়রা।

বিষয়টি নিয়ে জামায়াতের নেতাকর্মীদের মাঝে নীরব ক্ষোভ বিরাজ করছে। কারণ এবারে এই আসনের জন্য জামায়াতের প্রার্থী আবুল কালাম বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিং প্রু জেরীর জন্য একটা মাথা ব্যথার কারণ হিসাবে ছিল। কিন্তু সেটা হয়ে আর উঠল না। ক্রমেই পানসে নির্বাচনে রূপ নিল এবারের সংসদ নির্বাচন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জামায়াত নেতা বলেন, এবারের নির্বাচন জামায়াতে ইসলামীর নিশ্চিত জয়ী কিছু আসন এনসিপির জন্য ছেড়ে দিয়ে নির্বাচনের আগেই অন্যদলের কাছে হার মেনে নিয়েছে। কিছু আসন আছে যেগুলো জয় নিশ্চিত না হলেও জামায়াতের প্রার্থী খুব ভালো লড়াই করতে পারত, কিন্তু এনসিপির প্রার্থী ন্যূনতম লড়াই দূরে থাক, শতভাগ জামানত হারাবে। এদিকে জেএসএস এবং জামায়াতের কোনো প্রার্থী না থাকায় বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনি পথ এক প্রকারের পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা। তবে সাধারণ জনগণ প্রার্থীদের কাছে মূল্যায়ন হবে কিনা বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী আবুল কালাম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে মনোনয়ন প্রত্যাহার করেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম