শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। তবে আগের দিন হাইকোর্টের আদেশে সেই ভোট চার সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের পর প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। এরই ফলশ্রুতিতে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, জকসু নির্বাচন হয়েছে। কিন্তু শাকসুর ক্ষেত্রে নানা নাটকীয়তার আশ্রয় নেওয়া হচ্ছে। অবিলম্বে শাকসুর নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দাবি আদায় করবে বলে হুঁশিয়ারি দেন তারা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান নাইমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুর রহমান সুজনের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে বক্তৃতা দেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইয়েদ আহমেদ, মহানগর ছাত্র অধিকার সম্পাদক ওয়ালিদ আনসারী, বিএম কলেজছাত্র সাহেদ খান প্রমুখ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে ছাত্রশিবির। এ সময় বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনেরও দাবি করেন তারা। এতে বক্তৃতা করেন বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা। কুমিল্লায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা শিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির। সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিতে বিএনপি শাকসু নির্বাচন স্থগিতের মাধ্যমে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। রাকসু ভিপি ও ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, হাইকোর্টকে ব্যবহার করে শাকসু নির্বাচন স্থগিত করার মাধ্যমে তারা আবার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়।
