Logo
Logo
×

বাংলার মুখ

গাজীপুরে সড়ক নির্মাণে অনিয়ম

উদ্বোধনের আগেই ভেঙে গেল রাস্তা

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় সড়ক নির্মাণের কয়েকদিনের মধ্যে ভেঙে কয়েক ফুট নিচ পর্যন্ত দেবে গেছে। এদিকে সড়ক উদ্বোধনের আগেই এমন বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতি হয়ছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কাজটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি করপোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিং করার লক্ষ্যে দুটি প্যাকেজের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। দুটি প্যাকেজের অধীনে বাস্তবায়নে রাস্তার মধ্যে রয়েছে ২৫০ মিটার ডব্লিউবিএম ৬০ মিলিমিটার কার্পেটিং এক দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং নির্মাণ গার্ড ওয়াল নির্মাণ সড়ক নির্মাণ করার কথা। এলাকাবাসী জানান, নির্বাচনের কয়েকদিন আগেই রাস্তার ঢালাই করা হয়েছে। ঢালাই শেষ হওয়ার তিন দিন পড়েই ভেঙে যায় রাস্তা। এরপর রাস্তাটা কয়েক ফুট দেবে যায়। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিুমানের সামগ্রী দেওয়া হয়েছে, যতটুকু ঢালাই দরকার ছিল তাও দেওয়া হয়নি। আমরা এলাকাবাসী কাজের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করছি। সরেজমিন দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে। কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে রাস্তাটা হচ্ছে, এটা ন্যাচারাল ডিজাস্টার। পরিকল্পনার কোনো ত্রুটিও থাকতে পারে। ঘটনাস্থলে যাচ্ছি এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে। গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সরেজমিন গিয়ে দেখে বিস্তারিত বলতে পারব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম