Logo
Logo
×

বাংলার মুখ

রামগতিতে চাঁদাবাজি ও সহিংসতা ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স এমপি নিজানের

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার রাতে রামগতি থানায় এসব মামলা করা হয়। মামলার আসামিদের মধ্যে দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রামগতির চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর সুজনগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী সংঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তারা চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। এছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে আসামিরা। একই দিনে চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাব্বি, সাংগঠনিক রায়হান, ওয়ার্ড সভাপতি আশিকের নেতৃত্ব ২০-২৫ জনের একটি গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং শক্তি প্রদর্শন করে। বাজারের ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালায়। এজাহারে আরও জানা যায়, শনিবার দুপুরে রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নানের নেতৃত্বে ১০-১২ জনের একটি গ্রুপ অস্ত্র নিয়ে উপজেলার বালুরচর সুজনগ্রাম এলাকার আ. আজিজের মুদি দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। না পেয়ে তাকে ও তার কর্মচারীদের পিটিয়ে রক্তাক্ত জখম করে।

রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে পৃথক মামলা দুটি করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, চর রমিজ ইউনিয়ন বিএনপির সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, সুমন উদ্দিন (ইউপি মেম্বার) চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সম্পাদক, আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ জন নেতাকর্মী।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবে, তাদের দলে কোনো জায়গা নেই। অপরাধীর পরিচয় সে যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম