Logo
Logo
×
   

বিএনপি সরকারের ১০০ দিন

শৃঙ্খলায় মনোযোগ বিএনপির

Icon

নূরে আলম জিকু

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে ‘দ্বিমুখী’ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যস্ত সময় পার করেছে দলটি। একদিকে রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব পালন, অন্যদিকে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ক্লান্ত এবং বর্তমানে ক্ষমতার উত্তাপে থাকা বিশাল কর্মী বাহিনীকে সুশৃঙ্খল রাখা-এ দুই ফ্রন্টেই নিরলস কাজ করতে হচ্ছে দলটিকে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও এখন সমান গুরুত্ব দিচ্ছে বিএনপি। বিশেষ করে চলতি বছরে দলের ‘জাতীয় কাউন্সিল’ অনুষ্ঠানের লক্ষ্যে সাংগঠনিক ইউনিটগুলোকে নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছে।

এদিকে কেন্দ্রীয় নেতাদের একটি বড় অংশ মন্ত্রী ও সংসদ-সদস্য হিসাবে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হয়েছেন। ফলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যাতায়াত কিছুটা কমেছে। এছাড়া কমে গেছে দলটির রাজনৈতিক কর্মসূচির সংখ্যাও। ফলে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত রাষ্ট্র সংস্কার ও জনসেবামূলক কাজে মনোযোগ দিচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যুগান্তরকে বলেন, দলের শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাই মাঠে কাজ করছেন। বিগত ১০০ দিনে দলের ভেতর কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। দু-একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির আরেকজন সদস্য যুগান্তরকে বলেন, বিগত সময়ে আমরা দেখেছি ক্ষমতায় আসার পর সাধারণত রাজনৈতিক দলগুলোর ভেতর দখলদারি ও চাঁদাবাজির প্রবণতা বেড়ে যায়। কিন্তু বিএনপি সরকারের ক্ষেত্রে গেল ১০০ দিনে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। দলের হাইকমান্ড থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, ক্ষমতার উত্তাপে নেতাকর্মীরা যেন জনবিচ্ছিন্ন না হন, সেদিকেই এখন মূল নজর বিএনপির হাইকমান্ডের। একই সঙ্গে জাতীয় কাউন্সিলের লক্ষ্যে দলের সাংগঠনিক ইউনিটগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ৯ মে রাজধানীতে কেন্দ্রসহ বিএনপি ও তিন অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা-মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলটির চেয়ারম্যান। তিনি সেখানে সাংগঠনিক নির্দেশনা দেন। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জনগণের আস্থা অর্জনেও স্পষ্ট বার্তা দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম