Logo
Logo
×

রাজধানীর খবর

ঢাকা-৮ আসন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যাপক প্রচারণা

Icon

শাহবাগ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-৮ আসনে সোমবার সকাল থেকেই কর্মী-সমর্থকদের বিশাল বহর নিয়ে রাজপথে ব্যস্ত সময় পার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। গণসংযোগ, পথসভা আর প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র অভিযোগের মধ্য দিয়ে দিনভর আলোচনায় ছিলেন তিনি।

সকাল থেকেই মতিঝিলের বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে কমলাপুর ও মালিবাগের অলিগলি চষে বেড়ান নাসীরুদ্দীন পাটওয়ারী। ১১-দলীয় জোটের শরিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। ভোটারদের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি ‘গণভোট’ বা রেফারেন্ডাম নিয়ে ভোটারদের সচেতন করতে দেখা গেছে জোটের কর্মীদের। প্রচারণায় সবচেয়ে বড় চমক ছিল নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি অফিস। অফিসের দেওয়ালে খালেদা জিয়ার বিশালাকার ‘ওয়াল আর্ট’ বা প্রতিকৃতি এখন টক অব দ্য টাউন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি অধ্যুষিত এই এলাকায় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সহানুভূতি পেতেই কৌশলে এই প্রতীকী দেওয়াল চিত্র ব্যবহার করা হয়েছে।

পথসভাগুলোতে নাসীরুদ্দীন পাটওয়ারীর তীরের লক্ষ্য ছিল তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, এলাকায় এখনো চাঁদাবাজি ও গডফাদার কালচার জিইয়ে রাখার চেষ্টা চলছে। বিগত কয়েক দিনে আমার ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তার পেছনে মির্জা আব্বাসের অনুসারীরাই দায়ী।

পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কমিশন এখনো কার্যকর কোনো ভূমিকা নিতে পারছে না।

গণসংযোগের সময় মালিবাগ ও মতিঝিলের ভোটাররা তাকে সরাসরি প্রশ্ন করেন, তিনি এলাকার সন্তান কিনা বা স্থানীয় সমস্যাগুলো তিনি কতটা জানেন। এর জবাবে পাটওয়ারী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে আধুনিক ও চাঁদাবাজমুক্ত একটি এলাকা হিসাবে গড়ে তুলবেন।

বিকালের দিকে মালিবাগ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম