ঢাকা-১৫ আসন
উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে শফিকুল ইসলাম
তেজগাঁও (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান (মিল্টন)-এর নেতৃত্বে পুরো নির্বাচনি এলাকায় চলছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এই আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রার্থীর পক্ষে সরব উপস্থিতি লক্ষ করা গেছে।
ঢাকা-১৫ নির্বাচনি এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল আসন। এই আসনে ২টি থানা ও ৪টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে রয়েছে মিরপুর মডেল থানা (আংশিক) ও কাফরুল থানা (আংশিক)। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ০৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাভুক্ত। সেনপাড়া, কাফরুল ও মিরপুর এলাকার বিশাল জনবসতি নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার সারাদিন ধরে কাজীপাড়ার রোকেয়া সরণি রোড, টিএমএসএস রোড, বসুন্ধরা রোড, কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদ রোড, সন্ধানী গলি, কৃষিবিদ গলি, কাফরুল ও মিরপুরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চালানো হয়। এ সময় প্রার্থী শফিকুল ইসলাম খান সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, কুশল বিনিময় করেন ও ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। মিছিল, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনি বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়। অনেক জায়গায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন বলেও জানান স্থানীয়রা।
শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা-১৫ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার, ভোটাধিকার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতেই ধানের শীষের এই লড়াই। স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে ঢাকা-১৫ আসনের প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্র এলাকায় আরও জোরদার প্রচারণা চালানো হবে।
