ঢাকা-১৮ আসন
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় জাহাঙ্গীরের
উত্তরা পূর্ব (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উত্তরা আধুনিক মডেল টাউনের আদলে পুরো ঢাকা ১৮ আসনকে সাজানোর অঙ্গীকার করেছেন এই আসনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর। কুর্মিটোলা হাইস্কুল মাঠে বৃহস্পতিবার নির্বাচনি জনসভায় তিনি এ অঙ্গীকার করেন। খিলক্ষেত থানা বিএনপি আয়োজিত জনসভায় বক্তৃতা করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। জাহাঙ্গীর বলেন-তুরাগ, দক্ষিণখান, উত্তরখান ও খিলক্ষেত থানাকে উত্তরা মডেল টাউনের আদলে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত মডেল থানাতে পরিণত করা হবে। জনগণের ভোটাধিকার যেন কেউ হরণ না করতে পারে এজন্য ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্র পাহারায় থাকতে হবে। উপস্থিত জনতাকে ফল ঘোষণা শেষে কেন্দ্র পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজেরা কোনো অপরাধে না জড়ানোর পাশাপাশি কাউকে অপরাধ করতে না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ধানের শীষের এ প্রার্থী। এসএম জাহাঙ্গীর বলেন, স্থানীয় গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা সমাধানের পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পুরো ঢাকা ১৮ আসনকে নতুন করে সাজাতে চাই। তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুযোগ-সুবিধার মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। যাতে ঢাকা ১৮ আসনের মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে। নির্বাচিত হলে ঢাকা ১৮ আসনে নতুন করে সরকারি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এসএম জাহাঙ্গীর।
