Logo
Logo
×

নগর-মহানগর

তিন দিনে তিন হত্যাকাণ্ড

বগুড়ার গাবতলীতে পরিবহণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার গাবতলীতে পরিবহণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় শনিবার হত্যাকাণ্ডের শিকার পরিবহণ ব্যবসায়ী সাইফুল ইসলামের (বাঁয়ে) স্বজনদের আহাজারি -যুগান্তর

বগুড়ার গাবতলী উপজেলায় পরিবহণ ব্যবসায়ী সাইফুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এনিয়ে বগুড়ায় তিন দিনে তিনটি হত্যার ঘটনা ঘটল। আগের দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত না হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়ার জামাল উদ্দিন জামুর ছেলে সাইফুল আগে ট্রাক চালাতেন। বর্তমানে তিনি ছোট-বড় সাতটি ট্রাকের মালিক। মেয়ে সাদিয়া আকতার জানান, তার বাবা সাইফুল প্রতি রাতে দেরি করে বাড়ি ফিরতেন। শনিবার রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। রোববার সকালে বাড়ির পাশে ঘাসের জমিতে তার লাশ পাওয়া যায়।

রোববার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সাইফুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন (ক্রাইম) মোহাম্মদ রায়হান জানান, সাইফুলের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এর আগে শুক্রবার বগুড়া শহরের নিশিন্দারা ট্যাংক সাঁকো এলাকায় বাবার গ্যারেজে কিশোর মেকানিক আলিফ শাহকে (১৬) খুঁচিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে মামলা হলেও হত্যা রহস্য উন্মোচিত হয়নি। বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে ঢালাই শ্রমিক ফাহিম হোসেন (১৯) নিহত হন। শনিবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের সামনে মাটিডালি বিমান মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে সন্ত্রাসী তনয়কে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম