দিনাজপুর-৬
চল্লিশ বছর পর আসন ফিরল জাহিদ হোসেনে
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ৪০ বছর পর দিনাজপুর-৬ আসনে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের হাত ধরে এলো এই ফল। তিনি ১৪ হাজার ৪১৫ ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলামকে পরাজিত করেন। জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়েছেন। আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। এ আসনের মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩।
দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনটিতে বিএনপি সবশেষ জয় পেয়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আতিউর রহমান ২৩ হাজার ৭২২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সামাদকে পরাজিত করে।
এরপর সেই আসনটিতে বিএনপি আর জয়ের মুখ দেখেনি। পরে ওই আসনটিতে ২ বার জামায়াতে ইসলামী, একবার ন্যাপ এবং বাকি সময় আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে এসেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে এলাকার মানুষের সেবা এবং নির্বাচনি প্রচারণার ব্যস্ততার মধ্যেও মানবিকতার পরিচয় দিয়ে জাহিদ হোসেন মানুষের হৃদয় জয় করেছেন। প্রচারণার পাশাপাশি তিনি চিকিৎসক হিসাবে সাধারণ রোগীর সেবা দিয়ে গেছেন। এটি মানুষের মনে বিশেষ প্রভাব ফেলে। এক ভোটার বলেন, ‘যারা মানুষের পাশে থাকে, দুঃসময়ে পাশে দাঁড়ায়, তার হাতেই আমরা আমাদের ভবিষ্যৎ তুলে দিতে চাই। এবারের নির্বাচনে আমরা সেই কাজটিই করেছি।’
বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর বলেন, প্রচারণা চলাকালে নির্বাচন নিয়ে ব্যস্ততার মাঝেও ডা. জাহিদ হোসেন রোগী দেখেন, মানুষের চিকিৎসা দেন। ওই এলাকার কোনো মানুষের অসুস্থতার খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান। তার এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভোটারদের আস্থাকে আরও জোরালো করে।
