Logo
Logo
×
   

নগর-মহানগর

জুলাই শহীদ দিবসের আলোচনা

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথেই ফয়সালা হবে। তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। কিন্তু সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। সংবিধান সংশোধন কমিটি সংবিধানের কোনো বিধিতে আছে কি-না সরকারের কাছে জানতে চেয়ে তিনি বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সংবিধান সংশোধনের নামে কোনো ভাঁওতাবাজি জনগণ মেনে নেবে না। জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জাতি হিসাবে আমরা গর্বিত এবং লজ্জিত। ১৯৪৭ থেকে ২০২৪ আমাদের প্রতিটি অর্জনের জন্য আমরা গর্বিত। লজ্জিত এজন্য আমাদের জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ফসল প্রতিবারই ছিনতাই করা হয়েছে। কিন্তু আমরা চব্বিশকে হারিয়ে যেতে দেব না। এই চব্বিশ না হলে আমি এখানে বক্তব্য দিতে পারতাম না, সংসদ সদস্য হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না। একইভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না, বিএনপি সরকার গঠন করতে পারতো না। কিন্তু সরকারের মন্ত্রীদের বক্তব্যে জাতি আশাহত হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ব্রি. জে. (অব.) হাসিনুর রহমান বলেন, যাদের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসেছে তাদের সম্মান করতে পারেনি সরকার। জুলাই বিপ্লব-পরবর্তী শিলং থেকে একজন দেশে এসে দাবি করছেন তিনি না-কি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

জুলাই আন্দোলনকালীন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, পল্টন থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদকে গুলি করে শহীদ করার মধ্য দিয়ে আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল হাসিনার পুলিশ বাহিনী। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্নে জুলাই বিপ্লব অর্জন করেছে সেই স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ হতে হবে। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন শহীদ মোবারক হোসেনের বাবা রমজান আলী, শহীদ মেহেদী হাসানের বাবা শেখ জামাল হাসান, পা হারানো আহত জুলাই যোদ্ধা সালমান হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জগসু) ভিপি রিয়াজুল ইসলাম, ড. মোবারক হোসাইন, শ্রমিক নেতা আব্দুস সালাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .