Logo
Logo
×
   

নগর-মহানগর

অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণ

পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার পাশে থাকবে

চন্দনাইশে মঞ্চ ভেঙে পড়ে গেলেন আমির খসরুসহ নেতাকর্মীরা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার পাশে থাকবে

চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী -যুগান্তর

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে দ্রুত নানা কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই প্রয়োজনীয় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। যতদিন পুনর্বাসন কার্যক্রম শেষ না হয়, ততদিন সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী এদিন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণ বিতরণ করেন। সেখানে ত্রাণ বিতরণকালে অস্থায়ী মঞ্চ ভেঙে নিচে পড়ে যান অর্থমন্ত্রীসহ এমপি ও নেতাকর্মীরা। এরপর ত্রাণ নেওয়ার সময় কয়েকজন আহত হয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার, ডাল এবং অন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষকে রান্না করা খাবার খাওয়ানোর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। ত্রাণ বিতরণের এই ধারা এখনো অব্যাহত আছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

তিনি আরও বলেন, ত্রাণ বিতরণের পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে কৃষকদের জন্য প্রয়োজনীয় সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে, বন্যার পরে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, যেন যে কোনো সংক্রমণ বা রোগ দেখা দিলে দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণ করা যায়। যতদিন পর্যন্ত পুনর্বাসন কার্যক্রম শেষ না হয়, ততদিন সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হঠাৎ অস্থায়ী মঞ্চ ভেঙে নিচে পড়ে যান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ এমপি ও নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে পৌরসভার সামনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে নির্মিত অস্থায়ী মঞ্চে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ার এমপি এনামুল হক, বোয়ালখালীর এমপি এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলার নেতারা। দুর্ঘটনার পর ভাঙা মঞ্চে দাঁড়িয়ে কয়েকজনের হাতে ত্রাণ তুলে দিয়ে মন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে যান। এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে আসা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের মধ্যে বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার, খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং উল্লাপাড়ার আয়েশা আক্তারসহ কয়েকজনকে দোহাজারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। নলুয়া বোর্ড অফিস এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন ও বাঁশখালী পৌসভার ১নং ওয়ার্ড ও সরল ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .