Logo
Logo
×

সম্পাদকীয়

গণতন্ত্রের নব-পথচলা

তারেক রহমানের বার্তা আশাব্যঞ্জক

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গণতন্ত্রের নব-পথচলা

দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক অচলাবস্থা ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন সূর্যোদয় ঘটেছে। আমরা মনে করি, নির্বাচনের এই বিপুল বিজয় কেবল একটি রাজনৈতিক দলের জয় নয়, বরং এটি দীর্ঘ লড়াই-সংগ্রামের পর বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের বিজয়। বিজয়ের পর শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য ও দিকনির্দেশনা দেশে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আশাবাদ জাগিয়েছে। তার বক্তব্যে প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

একটি ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর হয়ে পড়া সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে দাঁড়িয়ে নতুন সরকারের সামনে যে পাহাড়সম চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, জাতীয় ঐক্যই এখন দেশের মূল শক্তি এবং বিভাজন মানেই দুর্বলতা। বিশেষ করে নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা বা প্রতিশোধমূলক কর্মকাণ্ড বরদাশত না করার যে কঠোর হুঁশিয়ারি তিনি দিয়েছেন, তা দেশের শান্তিকামী মানুষের মনে আশার সঞ্চার করেছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার আদতেই একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্বশর্ত। এছাড়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই সনদের আলোকে দেশ পুনর্গঠনের যে রূপরেখা তিনি তুলে ধরেছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। আঞ্চলিক কূটনীতিতে সার্ক পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের পরিকল্পনা বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে নিঃসন্দেহে আরও সুদৃঢ় করবে।

তবে এই স্বপ্নিল যাত্রার সাফল্য নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর পরমতসহিষ্ণুতা এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার ওপর। দীর্ঘকাল পর দেশে যে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাকে টেকসই করতে হলে সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। নবনির্বাচিত সরকার নিশ্চয়ই জনগণের আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আইনের শাসন হবে সবার জন্য সমান এবং মেধা ও যোগ্যতার মূল্যায়ন হবে সর্বোচ্চ। প্রতিহিংসার রাজনীতিকে চিরতরে কবর দিয়ে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে-এটাই প্রত্যাশা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম