নির্বাচনের সময় ঘোষণা
স্বাগত জানাল বিএনপি অসন্তুষ্ট এনসিপি
জনমনের দোদুল্যমানতা আর রইল না-সালাহউদ্দিন আহমদ * জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া আজ-আব্দুল্লাহ মোহাম্মদ তাহের * দৃশ্যমান সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি-আরিফুল ইসলাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান নিয়ে দোদুল্যমানতার কথা অনেকে জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে তাদের মধ্যে সেই দোদুল্যমানতা আর রইল না। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। নির্বাচনের আবহ তৈরি হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে পুরো জাতি ও জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।’ তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দৃশ্যমান সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া একতরফা জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি।’ এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই ঘোষণাপত্র ঘোষণার বিষয়ে জামায়াতে ইসলামী বুধবার (আজ) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।’ নির্বাচনের সময় ঘোষণার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টিতে প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন, সেটা অবশ্যই প্রতিপালনযোগ্য। তিনি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন ২০২৬ সালের রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। অবশ্যই নির্বাচন কমিশন যথাসময়ে তফশিল ঘোষণা করবে। তিনি আরও বলেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আরও প্রতিষ্ঠিত হবে। সবকিছুই সচল হবে, গতিশীল হবে-এটা আমরা আশা করি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটি জুলাই ঘোষণাপত্র। আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যেসব ঘোষণা তাকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযথ জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। জুলাই যোদ্ধাদের; ছাত্র গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে। সেটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আইনি সুরক্ষা, সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি (প্রধান উপদেষ্টা) যেমন দিয়েছেন, আমরাও দিচ্ছি।
এনিসিপির প্রতিক্রিয়া : প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারা। তারা বলেছেন, ‘দৃশ্যমান সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়াই একতরফাভাবে জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি। ফ্যাসিবাদ হটিয়ে দেশে একটি অবাধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন তরুণরা দেখেছিল, এর মাধ্যমে তা বাধাগ্রস্ত হবে। বর্তমানে জাতীয় নির্বাচনের আগে দরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।’
দলটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, ‘মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কিন্তু সরকার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দিকে না হেঁটে বিএনপির চাহিদামতো আগের কাঠামো অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতমুখী অবস্থান।’ প্রধান উপদেষ্টার ভাষণের পরই এনসিপির নেতারা প্রতিক্রিয়া জানান। তবে এ বিষয়ে আজ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে।
স্বাগত জানিয়েছে আরও যেসব দল : রাতে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছেন এটাকে স্বাগত জানাই। তবে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিষয়ে রাজনৈতিক নির্দেশনার প্রয়োজন ছিল। এখন প্রধান উপদেষ্টার চিঠি গেলে ইসি আশ্বস্ত হবে। তারা বিস্তারিত সূচি সেটা দেবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে এতদিন যে রাজনৈতিক দলগুলোতে দ্বিধা, অবিশ্বাস, সন্দেহ ছিল, তা কেটেছে। তার অনেকখানি অবসান ঘটবে।’ সরকারের সঙ্গে মনঃস্তাত্ত্বিক দূরত্ব কমবে বলেও মনে করেন সাইফুল হক।
স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক। এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনকে একটি অবাধ, নিরপেক্ষ এবং সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে অনুষ্ঠান এই সরকারের একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। আমরা অবিলম্বে নির্বাচনে সবার সম-সুযোগ সৃষ্টি, নির্বাচনি প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।
রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, দেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। প্রধান উপদেষ্টা আজকে যে ঘোষণা দিয়েছেন, এটা মনে করি ইতিবাচক ঘোষণা। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থায় ছিল, তার অবসান হবে বলে মনে করি। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচনের ব্যাপারে একধাপ অগ্রগতি। তবে আমরা মনে করি, এখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুযোগ রয়েছে। তিনি এটি নির্বাচন কমিশনকে বললে যথাযথ হতো।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আমরা আগে থেকেই মানসিকভাবে ধরে নিয়েছিলাম, তিনি আগেও বলেছিলেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। সে হিসাবে ঠিকই আছে। তবে ঘোষণার প্রক্রিয়া নিয়ে অনেক দলের মধ্যে ক্ষোভ আছে। এদিকে আজ বুধবার বেলা ৩টায় মালিবাগের মহানগর কার্যালয় থেকে প্রেস ক্লাব পর্যন্ত প্রধান উপদেষ্টা কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘আনন্দ মিছিল’ করবে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার রাতে দলটির দফতর সম্পাদক জাবেদুর রহমান জনি এ কথা জানান। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, জাতির উদ্দেশে ভাষণে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। জনশক্তি পার্টি মনে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সব রাজনৈতিক দলকে কাজ করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।
