Logo
Logo
×
   

ফুটবল বিশ্বকাপ ২০২৬

পেলের জার্সি নিলামে রেকর্ড দামে বিক্রি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সালটা ১৯৫৮। বিশ্বফুটবলের মঞ্চে এক নতুন ধ্রুবতারার উদয়। ১৭ বছর বয়সি এক তরুণ পায়ের জাদুতে গোটা ফুটবলবিশ্বকে মোহিত করে দিয়েছিল। সেই বিস্ময়কর প্রতিভা হলেন ফুটবলের রাজা পেলে। বিশ্বের সর্বকালের সেরাদের অন্যতম। ’৫৮ বিশ্বকাপে ১৭ বছরের পেলে যা করে গিয়েছিলেন সেটা ইতিহাসের পাতায়। আজ প্রায় সাত দশক পরেও সেই ইতিহাসের সাক্ষী হতে চায় ফুটবলবিশ্ব। সেকারণেই হয়তো পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি এতদিন বাদে নিলামে ওঠার পরও এত দামে বিক্রি হলো।

১৯৫৮ বিশ্বকাপে পেলে মাত্র চার ম্যাচে ছয়টি গোল করেছিলেন। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিরুদ্ধে একটি, সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক এবং ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে অনবদ্য দুটি গোল করেন ১৭ বছরের পেলে। বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম বয়সি হিসাবে গোল করার সেই নজির আজও রয়ে গেছে। স্বাভাবিকভাবেই সেই ঐতিহাসিক পারফরম্যান্স পেলে যে জার্সি পরে করেছিলেন, সেটি নিলামে ওঠায় ক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। সম্ভবত বিশ্বকাপের আবহের জন্যই জার্সিটি রেকর্ড দাম পেল।

শেষ পর্যন্ত জার্সিটি বিক্রি হয়েছে ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে। পাঁচজন অংশগ্রহণকারী মোট ১০ বার দর হাঁকানোর পর শেষ পর্যন্ত এই দামে বিক্রি হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তির জার্সি। এটি পেলের ফুটবল স্মারকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হলো। মজার কথা, এই একই বিশ্বকাপে পেলের পরা একটি জার্সি ২০০৪ সালে একবার নিলাম করা হয়েছিল।

বিবিসির হিসাব অনুযায়ী, পেলের এই ঐতিহাসিক জার্সির যে দাম এবার পেল, ফুটবল ইতিহাসে এরচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সি রয়েছে মাত্র একটি। সেটি ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি। ২০২২ সালে নিলামে সেটি ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .