Logo
Logo
×
   

ফুটবল বিশ্বকাপ ২০২৬

‘ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ঐতিহাসিক ‘হ্যান্ড অ গড’ ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই একই ফলে বুধবার রাতে আরও একবার ইংল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা। ৪০ বছর আগের সেই ম্যাচে আর্জেন্টিনার দুর্গের শেষ প্রহরী ছিলেন নেরি পম্পিদো। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর উচ্ছ্বাসে ভাসছেন সেদেশের এই সাবেক তারকা গোলরক্ষক।

পম্পিদো জানিয়েছেন, দিয়েগো ম্যারাডানো আজ বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনাল দেখতে দেখতে তার স্মৃতিতে বারবার ভেসে উঠছিল ৪০ বছর আগের ম্যাচ। সাবেক আর্জেন্টিনার গোলরক্ষক বলছিলেন, ‘অসাধারণ জয়। আর সব থেকে বড় কথা হলো, ওই ম্যাচের যা ফল হয়েছিল, এবারও আমরা সেই একই ফলে জিতলাম। আমরা আবার ফাইনালে। অভাবনীয় ব্যাপার। পুরোনো স্মৃতি যেন বারবার ফিরে আসছিল। চোখের সামনে এই জয় দেখতে পেরে আমি ভীষণ খুশি। দিয়েগো (ম্যারাডোনা) থাকলে আজ খুবই খুশি হতো।’ ৪০ বছর আগে সেই ম্যাচ ম্যারাডোনার ‘হ্যান্ড অ গড’-এর কারণে বিখ্যাত। তেমনি সেই ম্যাচেই ফুটবল রাজপুত্র আরও একটি গোল করেছিলেন, যা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ বলে খ্যাত।

নিজেদের অর্ধ থেকে বল ধরে একের পর এক ইংল্যান্ড খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ গোল করেছিলেন ম্যারাডোনা। ইংল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেছিলেন গ্যারি লিনেকার। পরে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ম্যারাডোনার আর্জেন্টিনা। এবার ফাইনালে ‘লা আলবিসেলেস্তে’র সামনে স্পেন। মেগা ম্যাচ জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারবে কি না, সেটাই দেখার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .