Logo
Logo
×
   

ফুটবল বিশ্বকাপ ২০২৬

চ্যাম্পিয়নদের জন্য বিশেষ আংটি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ট্রফি, সোনার পদক ছাড়াও একটি বিশেষ পুরস্কার পাবেন এবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বজয়ী দলের ফুটবলারদের একটি বিশেষ স্মারক আংটি দেবে ফিফা।

এবারই প্রথম দেওয়া হবে এই পুরস্কার।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের কোচ-ফুটবলারদের দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, প্রথমবার বিশ্বজয়ীদের জন্য এই সম্মাননা স্মারক তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএলের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার প্রথা রয়েছে। সেই যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে বিশেষ আংটির ছবি। ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি রিং বা আংটি তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার এবং কোচদের জন্য। বাকিগুলো সরকারি লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসাবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। আংটির একদিকে থাকছে বিশ্বকাপের নকশা, অন্যদিকে চ্যাম্পিয়ন দলের পরিচয়, প্রতীক এবং রং। চ্যাম্পিয়ন দলের জন্য নির্দিষ্ট আংটিগুলোতে থাকবে আলাদা নম্বর। প্রাপকদের প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আংটি তৈরি করিয়ে দেবে ফিফা।

ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের কোচ এবং অধিনায়ককে স্মারক হিসাবে দেওয়া হবে অস্থায়ী আংটি। পরে প্রত্যেকের আঙুলের মাপ নিয়ে আংটি তৈরি করিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। ১৯ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল মেসিরা বর্তমান চ্যাম্পিয়ন। মোট তিনবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্পেন বিশ্বকাপ পেয়েছে একবার। এবার যারা চ্যাম্পিয়ন হবে, তারা প্রথম দেশ হিসাবে পাবে ফিফার ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .