চলে গেলেন স্যার গ্যারি সোবার্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল বিশ্বকাপ যখন ফাইনালের দোরগোড়ায়, ক্রিকেটবিশ্ব তখন এক ভুবনজয়ী অলরাউন্ডারকে হারানোর শোকে মুহ্যমান। ৮৯ বছর বয়সে জীবনের ‘বাইশ গজকে’ বিদায় জানালেন স্যার গ্যারি সোবার্স। এই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার শুক্রবার বার্বাডোজে নিজ বাসায় মারা গেছেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে ছয় বলে ছয় ছক্কা মারা সোবার্স আজীবন ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অক্ষয় থাকবেন ১৯৬৮ সালে গড়া তার এই মহিমান্বিত কীর্তির জন্য। স্মৃতির অজস্র চার-ছয় রেখে স্যার গ্যারফিল্ড (গ্যারি) সোবার্স চলে গেলেন দৃষ্টির আড়ালে। স্যার ডন ব্র্যাডম্যান বলেছিলেন, ‘সোবার্স হচ্ছেন একজন ক্রিকেটারের মধ্যে পাঁচজন।’
১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩ টেস্ট ম্যাচে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করেছিলেন সোবার্স। উইকেট নিয়েছিলেন ২৩৫টি। গড় ৩৪.০৩। ১৯৬৫ থেকে ১৯৭২-এর মধ্যে ৩৯ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন এই চৌকশ অলরাউন্ডার।
১৯৫৩ সালে ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। তিনি এতটাই প্রতিভাবান ছিলেন যে, উইন্ডিজের হয়ে খেলার জন্য তার ডাক পড়ে। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক। আন্তর্জাতিক মঞ্চে ছাপ ফেলতে বেশি সময় লাগেনি। ১৯৫৮-এ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম শতরান করেন। শেষ পর্যন্ত ৩৬৫ রানে অপরাজিত থাকেন। সেসময় সেটিই ছিল টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ১৯৯৪-এ সেই রেকর্ড ভাঙেন ব্রায়ান লারা।
সোবার্স ১৯৭৪-এ ৩৮ বছর বয়সে অবসর নিয়েছিলেন। অনেকেই মনে করেন, যে মাপের ক্রিকেটার ছিলেন তাতে অবসর একটু আগেভাগেই নিয়ে ফেলেছিলেন। তার অবসরের পর ‘উইজডেন’ লিখেছিল, ‘সোবার্স মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। যে ক্রিকেট তার জীবনের সমান ছিল, সেই ক্রিকেট সম্পর্কেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। হাঁটুরও চরম ক্ষতি হয়েছিল। নিজের প্রতিভার শিকার হয়েছিলেন সোবার্স। কারণ, তিনি অনেক কিছু করতে পারতেন। তাই বারবার সেই কাজ করতেই ডাকা হয়। অনেক ক্রিকেটারের চেয়ে বেশি খেটেছেন তিনি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮৩ ম্যাচ খেলে ২৮ হাজারের বেশি রান করেছেন এবং ১০০০-এর বেশি উইকেট নিয়েছেন। সোবার্সকে ডাকা হতো ‘কিং ক্রিকেট’ বলে। উইজডেন ‘লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জেতেন তিনবার। ব্র্যাডম্যান তার চেয়ে বেশি এই পুরস্কার জিতেছেন। সোবার্স সম্পর্কে ব্র্যাডম্যান বলেছিলেন, ‘আমার দেখা অন্যতম সেরা অলরাউন্ডার।’
