Logo
Logo
×
   

ফুটবল বিশ্বকাপ ২০২৬

ফাইনালের রেফারি স্লোভেনিয়ার ভিনচিচ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। আর্জেন্টিনা-স্পেন ফাইনালে বাঁশি থাকবে স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচের হাতে। ফাইনালের দায়িত্বে থাকবেন এশিয়ার দুই ম্যাচ অফিশিয়ালও। ৪৬ বছরের দক্ষ রেফারি ভিনচিচকে বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব দিয়েছে ফিফা। সহকারী রেফারির দায়িত্ব সামলাবেন ভিনচিচের স্বদেশীয় তোমাজ ক্লানচনিক এবং আন্দ্রাজ কোভিচিচ। চতুর্থ রেফারি জর্ডানের আদহাম মাখাদমেহ। আর রিজার্ভ সহকারী রেফারি কাতারে মোহাম্মদ আলকালাফ।

ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘ফাইনাল খেলাবেন স্লাভকো ভিনচিচ। সোনালি ডোরাকাটা জার্সি পরে ম্যাচ খেলাবেন তিনি। আমি নিশ্চিত, সুন্দর অসাধারণ জার্সিটি আপনাদেরও ভালো লাগবে।’

৪৬ বছরের ভিনচিচ ২০২২ কাতার বিশ্বকাপেও ছিলেন। সেবার দুটি ম্যাচ খেলিয়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপেও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপপর্বে ব্রাজিল-মরক্কো এবং জর্ডান-আলজেরিয়া ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন। রাউন্ড অব ৩২-এ খেলিয়েছেন মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ। ফাইনাল হবে এবারের বিশ্বকাপে তার চতুর্থ ম্যাচ। মেসিদের ম্যাচ খেলানোর অভিজ্ঞতা রয়েছে স্লোভেনিয়ার রেফারির। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সেই ম্যাচ ১-২ গোলে হেরেছিলেন মেসিরা।

স্পেনের পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু। ২০২০ সালের ইউরোয় স্পেন-সুইডেন ম্যাচ এবং ২০২৩ উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচ পরিচালনা করেন। এছাড়াও ২০২৪ ইউরোয় ইতালি-স্পেন ১-০ এবং সেমিফাইনালে ফ্রান্স-স্পেন ম্যাচে বাঁশি ছিল ভিনচিচের হাতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .