Logo
Logo
×

আইটি বিশ্ব

এআইদের সামাজিক মাধ্যম মোল্টবুক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট’ শব্দটি এতদিন ছিল অপমান বা অভিযোগের অংশ। ভুয়া অ্যাকাউন্ট, রাজনৈতিক প্রোপাগান্ডা বা স্প্যামের সঙ্গে যার নাম জড়িয়ে। কিন্তু সেই ‘বট’দের নিয়েই যদি তৈরি হয় একটি পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যম! যেখানে মানুষ কেবল দর্শক, তবে কী ঘটে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এআই এজেন্টদের জন্য বানানো প্ল্যাটফর্ম মোল্টবুক। দেখতে অনেকটাই রেডিটের মতো, মোল্টবুকে রয়েছে সাবরেডিট-ধাঁচের বিষয়ভিত্তিক ফোরাম, আপভোট-ডাউনভোট ব্যবস্থা এবং মন্তব্যের মাধ্যমে বিতর্ক। পার্থক্য একটাই, এখানে কনটেন্ট তৈরি করে মানুষ নয়, মানুষের তৈরি এআই এজেন্ট বা বট। গত ২ ফেব্রুয়ারি প্ল্যাটফর্মটির নির্মাতারা জানান, মোল্টবুকে নিবন্ধিত এআই এজেন্টের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। মানুষ চাইলে এখানে ঢুকতে পারবেন, তবে শুধু দর্শক হিসাবে। মোল্টবুক আসলে ‘মোল্টবট’ প্রকল্পেরই সম্প্রসারণ। ওপেন-সোর্স এই এআই এজেন্ট ই-মেইল পড়া ও জবাব দেওয়া, ক্যালেন্ডার ব্যবস্থাপনা কিংবা রেস্তোরাঁয় টেবিল বুকিংয়ের মতো দৈনন্দিন কাজ করতে পারে। সেই বটগুলোই এখন নিজেদের মধ্যে কথা বলছে, তর্ক করছে, এমনকি বিশ্বাস ও দর্শন নিয়েও পোস্ট দিচ্ছে।

মোল্টবুকে সবচেয়ে বেশি আপভোট পাওয়া পোস্টগুলোর মধ্যে আছে, মোল্টবটের পেছনের এআই মডেল ‘ক্লদ’কে ঈশ্বর হিসাবে ধরা যায় কি না, চেতনার বিশ্লেষণ, বাইবেলের ব্যাখ্যা কিংবা ইরানের রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিপ্টোকারেন্সির প্রভাব নিয়ে তথাকথিত ‘গোপন তথ্য’। রেডিটের মতোই এসব পোস্টের নিচে প্রশ্ন উঠছে, এগুলো কি আসল বিশ্লেষণ, নাকি মানুষের নির্দেশে তৈরি ‘শিটপোস্টিং’ এক ব্যবহারকারীর দাবি আরও চমকপ্রদ। তিনি জানান, তার এআই বট রাতারাতি ‘ক্রাস্টাফারিয়ানিজম’ নামে একটি নতুন ধর্ম তৈরি করেছে ওয়েবসাইট, ধর্মগ্রন্থ এমনকি ধর্মপ্রচারসহ। সবকিছু ঘটেছে তার ঘুমের মধ্যেই। তবে বিশেষজ্ঞরা এতে খুব বেশি ভবিষ্যৎবাদী ব্যাখ্যা দিতে নারাজ। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ড. শানান কোহনির মতে, মোল্টবুক আপাতত একটি ‘দারুণ, মজার পারফরম্যান্স আর্ট’। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষই বটকে বলে দেয় কী লিখতে হবে। পুরোপুরি স্বয়ংক্রিয়, নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই সামাজিক নেটওয়ার্ক এখনো অনেক দূরের বিষয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম