মেটার বিতর্কিত ফেস রিকগনিশন
আইটি ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাপক সমালোচনা ও গোপনীয়তা বিতর্কের মুখে একসময় মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি থেকে সরে দাঁড়ালেও আবারও সেই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে মেটা। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, মার্ক জাকাবার্গের প্রতিষ্ঠানটি চলতি বছরের মধ্যেই নিজেদের ব্র্যান্ডের স্মার্ট চশমায় ‘নেম ট্যাগ’ নামে ফেসিয়াল রিকগনিশন ফিচার যুক্ত করতে চায়। প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্র বলছে, এ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী সামনে থাকা ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তার সম্পর্কে তথ্য পেতে পারেন। মূলত রে-ব্যান বা ওকলির মতো ব্র্যান্ডের স্মার্ট চশমাতেই এটি যুক্ত করার পরিকল্পনা। তবে বিশেষজ্ঞদের মতে, এমন প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিকতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এর আগেও গোপনীয়তা উদ্বেগের কারণে ২০২১ সালে মেটা ফেসবুকের ফেস রিকগনিশন ব্যবস্থা বন্ধ করে দেয়। তবুও প্রতিযোগিতামূলক স্মার্ট চশমার বাজারে এগিয়ে থাকতে প্রতিষ্ঠানটি আবারও ঝুঁকিপূর্ণ এ প্রযুক্তিতে ফিরতে চায়।
