Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যাপলের নতুন আইওএসে যেসব সুবিধা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩ প্রকাশ করেছে অ্যাপল। তুলনামূলকভাবে ছোট আপডেট হলেও এতে তথ্য আদান-প্রদান সহজ করা, অবস্থানসংক্রান্ত গোপনীয়তা জোরদার এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তাত্রুটি সংশোধনের মতো কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

নতুন সংস্করণের সবচেয়ে আলোচিত সংযোজন ‘অ্যান্ড্রয়েড ট্রান্সফার’ ব্যবস্থা। গুগল এলএলসির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এ সুবিধার মাধ্যমে আইফোন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে তথ্য স্থানান্তর আগের চেয়ে সহজ হবে।

আইওএস ২৬.৩-এ ‘লিমিট লোকেশন ডেটা শেয়ারিং’ নামে নতুন গোপনীয়তা সুবিধা যুক্ত হয়েছে। এটি চালু করলে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ব্যবহারকারীর সুনির্দিষ্ট অবস্থান জানতে যে অতিরিক্ত তথ্য ব্যবহার করে, তা সীমিত করা যাবে। ফলে অপারেটর কেবল আনুমানিক এলাকা পর্যন্ত অবস্থান নির্ধারণ করতে পারবে। এ সুবিধা নির্দিষ্ট ডিভাইস ও সমর্থিত অপারেটরে কাজ করবে। জার্মানিতে টেলিকম, যুক্তরাজ্যে ইই ও বিটি, যুক্তরাষ্ট্রে বুস্ট মোবাইল এবং থাইল্যান্ডে এআইএস ও ট্রু এটি সমর্থন দেবে। সেটিংস >সেলুলার>সেলুলার ডেটা অপশনস থেকে টগলটি চালু করা যাবে।

ওয়ালপেপার মেনুতে ওয়েদার ও অ্যাস্ট্রোনমি বিভাগ আলাদা করা হয়েছে। ওয়েদার বিভাগে যুক্ত হয়েছে নতুন ডায়নামিক ওয়ালপেপার, যা ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী বাস্তব সময়ের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বদলাবে। এ ছাড়া ৩৫টির বেশি নিরাপত্তাত্রুটি সংশোধন করা হয়েছে, যার অন্তত একটি ত্রুটি বাস্তব সাইবার আক্রমণে ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছে অ্যাপল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম