চলছে আইনি লড়াই
ভার্চুয়াল মন্ত্রীর মুখে অভিনেত্রীর ছায়া
আইটি ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রযাত্রা নতুন সম্ভাবনার দুয়ার খুললেও ব্যক্তিগত পরিচয় ও গোপনীয়তা নিয়ে উদ্বেগও তীব্র হচ্ছে। সেই বাস্তবতারই এক আলোচিত উদাহরণ তৈরি হয়েছে আলবেনিয়াতে। বিশ্বের প্রথম ভার্চুয়াল এআই মন্ত্রী ‘দিয়েলা’কে ঘিরে দেশটিতে এখন আইনি লড়াই চলছে। গত বছর প্রধানমন্ত্রী এডি রামা দুর্নীতিমুক্তভাবে সরকারি দরপত্র প্রক্রিয়া পরিচালনার লক্ষ্য নিয়ে এ ভার্চুয়াল মন্ত্রী চালুর ঘোষণা দেন। ঐতিহ্যবাহী পোশাক পরা ‘দিয়েলা’ দ্রুত উত্তর দেওয়ার সক্ষমতার কারণে আলোচনায় আসে। এমনকি তার সহায়তায় পার্লামেন্ট সদস্যদের জন্য ৮০টিরও বেশি এআই সহকারীও তৈরি করা হয়; কিন্তু বিতর্কের সূত্রপাত হয় যখন জনপ্রিয় চলচ্চিত্র ও থিয়েটার অভিনেত্রী আনিলা বিশা দাবি করেন, ‘দিয়েলা’র মুখ ও কণ্ঠস্বর তারই। তিনি জানান, সরকারি সেবা প্ল্যাটফর্ম ‘ই-আলবেনিয়া’র জন্য সীমিত ব্যবহারের অনুমতি দিলেও এআই মন্ত্রী তৈরির বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি প্রশাসনিক আদালতে আবেদন করেছেন, যেন অবিলম্বে তার ছবি ও কণ্ঠ সরিয়ে নেওয়া হয়। এ ঘটনা স্মরণ করিয়ে দেয় ২০২৪ সালে ওপেন এআই-কে ঘিরে বিতর্কের কথা, যখন অভিনেত্রী স্কারলেট জোহানসেন-এর আপত্তির পর চ্যাটজিপিটির ‘স্কাই’ কণ্ঠ সরিয়ে নেওয়া হয়। প্রযুক্তির দ্রুত বিস্তারের এ সময়ে প্রশ্নটি স্পষ্ট, এআই কি কেবল উদ্ভাবনের হাতিয়ার, নাকি মানুষের পরিচয় দখলের নতুন ঝুঁকি
