এআই চশমায় ম্যারাথনে দৃষ্টিহীনের দৌড়
আইটি ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দৃষ্টিহীনতা মানেই সীমাবদ্ধতা, এ ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ শিল্পী ক্লার্ক রেনল্ডস। ‘মিস্টার ডট’ নামে পরিচিত এ শিল্পী এ বছর ব্রাইটন ম্যারাথনে অংশ নিচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চশমা ও একটি মোবাইল অ্যাপের সহায়তায়-যা বিশ্বে প্রথম ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে।
২৬.২ মাইল দীর্ঘ এ ম্যারাথনে তিনি ব্যবহার করছেন রে-ব্যান মেটা এআই চশমা, যা সংযুক্ত থাকবে বিমাই আইজ অ্যাপের সঙ্গে। এ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকরা রেনল্ডসের সামনে থাকা দৃশ্য দেখতে পারবেন এবং সরাসরি কানে নির্দেশনা দিয়ে তাকে পথ চলতে সহায়তা করবেন। ৪৫ বছর বয়সি এ শিল্পীর লক্ষ্য শুধু দৌড় শেষ করা নয়, বরং প্রযুক্তির সীমা কোথায় পর্যন্ত বিস্তৃত হতে পারে তা দেখানো। তিনি বলেন, ‘আমি দেখতে চাইছিলাম, দৃষ্টিহীন মানুষের জন্য প্রযুক্তির সম্ভাবনা ঠিক কতদূর যেতে পারে।’ তার এ প্রচেষ্টা ফাইট ফর সাইট নামের একটি চ্যারিটির জন্য তহবিল সংগ্রহের অংশ।
রেনল্ডস ‘রেটিনাইটিস পিগমেন্টোসা’ নামের বংশগত রোগে আক্রান্ত, যার ফলে তিনি শুধু অস্পষ্ট ছায়া দেখতে পান। তবে এ সীমাবদ্ধতাকে তিনি দুর্বলতা হিসাবে নয়, বরং নতুন সম্ভাবনার পথ হিসাবে দেখেন। ‘আমি কোনো সুপারহিরো নই, আমি সাধারণ একজন মানুষ-শুধু অন্য একটি পথ খুঁজে নিয়েছি,’ বলেন তিনি। ম্যারাথনের প্রস্তুতিতে ইতোমধ্যে ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবক তাকে সহায়তা করেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা থেকে শুরু করে থাইল্যান্ড পর্যন্ত বিভিন্ন দেশের মানুষ তার ‘চোখ’ হয়ে কাজ করেছেন। এ ভার্চুয়াল সংযোগ তাকে দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা।
