ইনস্টাগ্রামে যুক্ত হলো কমেন্ট এডিট
আইটি ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন ফিচার চালু করেছে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এখন থেকে কোনো পোস্টে কমেন্ট করার পর ১৫ মিনিটের মধ্যে তা এডিট বা সংশোধন করতে পারবেন ব্যবহারকারীরা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে সম্প্রতি যুক্ত হওয়া একাধিক আপডেটের মধ্যে এটি সর্বশেষ সংযোজন। তবে নির্ধারিত ১৫ মিনিট সময়সীমা পেরিয়ে গেলে আর কমেন্ট পরিবর্তন করা যাবে না। নতুন এ ফিচার ব্যবহার করা বেশ সহজ। ব্যবহারকারী তার নিজের করা কমেন্টের নিচে থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করলে একটি টেক্সট বক্স খুলবে। সেখানে প্রয়োজন অনুযায়ী কমেন্ট সংশোধন করে নীল রঙের ‘চেক মার্ক’-এ চাপ দিলেই পরিবর্তনটি সংরক্ষিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে একাধিকবারও কমেন্ট এডিট করা যাবে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ এডিট করার সুবিধা চালু হয়। সেই ধারাবাহিকতায় কমেন্ট এডিট ফিচারটিকে ব্যবহারকারীদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে স্টোরিতেও কমেন্ট প্রদর্শনের সুবিধা চালুর পর এ ধরনের নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
