উইন্ডোজ ১১ থেকে সরছে কো-পাইলট
আইটি ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যবহারকারীদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে অবশেষে কৌশল বদলাতে শুরু করেছে মাইক্রোসফট। বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ‘কোপাইলট’কে আর আগের মতো জোর করে সামনে না রেখে, ধীরে ধীরে অ্যাপগুলোর ভেতর থেকে এর দৃশ্যমান উপস্থিতি সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি উইন্ডজ ১১-এর আপডেটে দেখা গেছে, নোটপ্যাড ও স্নিপিং টুলের মতো জনপ্রিয় অ্যাপ থেকে কোপাইলট ব্র্যান্ডিং সরিয়ে ফেলা হয়েছে। এর জায়গায় যুক্ত করা হয়েছে আরও নিরপেক্ষ ‘রাইটিং টুল’, যা দেখতে সাধারণ হলেও ভেতরে এখনো এআই প্রযুক্তিতেই চালিত। অর্থাৎ, ফিচার থাকছে-কিন্তু ব্র্যান্ডিং বদলে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের মূল আপত্তি ছিল-সব অ্যাপে একইভাবে কোপাইলট চাপিয়ে দেওয়া এবং এর অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার। অনেকের অভিযোগ, এটি কাজের গতি বাড়ানোর বদলে বিভ্রান্তি তৈরি করছিল। ফলে, ব্যবহারকারীর অভিজ্ঞতা (ইউএক্স) উন্নত করতে বাধ্য হয়েছে কোম্পানিটি। এখন কোপাইলট বাটনের জায়গায় রাখা হয়েছে একটি সরল পেন আইকন, আর সেটিংস থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সরাসরি এআইসংক্রান্ত উল্লেখ। এমনকি, এসব ফিচার বন্ধ করার অপশনটিও সরাসরি না রেখে ‘অ্যাডভান্সড ফিচারস’ অংশে সরিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির উইন্ডোজ বিভাগের শীর্ষ কর্মকর্তা পবন দাভুলুরি জানিয়েছেন, ভবিষ্যতে কোথায় এবং কীভাবে এআই যুক্ত হবে, তা নিয়ে আরও সতর্ক থাকবে মাইক্রোসফট। বিশ্লেষকদের ধারণা, এটি শুধুই ব্র্যান্ডিং পরিবর্তন নয়; বরং ব্যবহারকারীর পছন্দ ও নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ।
