Logo
Logo
×

আইটি বিশ্ব

পুনর্গঠনের চাপে ডিজনি হাজার কর্মী ছাঁটাই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিনোদন জগতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কোম্পানি নতুন করে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে। খরচ কমানো ও কার্যক্রম আরও দক্ষ করতে প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাঁটাইয়ের বড় অংশ পড়বে ডিজনির বিপণন বিভাগে, যেখানে কাঠামোগত পরিবর্তন আনার প্রস্তুতি চলছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ২ লাখ ৩১ হাজার কর্মী নিয়ে পরিচালিত ডিজনির বিশাল কর্মী কাঠামোর তুলনায় এ সংখ্যা কম হলেও, অভ্যন্তরীণ পুনর্গঠনে এর প্রভাব হবে উল্লেখযোগ্য। আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে এ প্রক্রিয়া শুরু হতে পারে। সংস্থাটির নতুন প্রধান বিপণন কর্মকর্তা আসাদ আয়াজ ‘প্রজেক্ট ইমাজিন’ নামের একটি উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিপণন ইউনিটগুলোকে একীভূত করার পরিকল্পনা নিয়েছেন। এর লক্ষ্য, ব্যয় কমিয়ে আরও সমন্বিত ব্র্যান্ড কৌশল গড়ে তোলা। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, এ পুনর্গঠন পরিকল্পনা নতুন নেতৃত্ব আসার আগেই শুরু হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ডিজনি। বিশ্লেষকরা বলছেন, অনলাইন সম্প্রচার প্রতিযোগিতা ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে টিকে থাকতে ডিজনির এ পদক্ষেপ ভবিষ্যৎ কৌশলেরই অংশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম