চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গোপন আস্তানা বা চরমপন্থি তৎপরতা ও অবৈধ অস্ত্রের তথ্য পাওয়া গেলে তা গোপনে পুলিশকে জানাতে হবে। অবৈধ অস্ত্র, গোপন আস্তানা বা চরমপন্থি তৎপরতার তথ্য পুলিশকে জানানো হলে অর্থ পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। শনিবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সম্প্রতি কিছু বিপজ্জনক বিস্ফোরক ও পরিকল্পনার আলামত পাওয়া গেছে। অস্ত্র উদ্ধার, তল্লাশি ও ঝুঁকিপূর্ণ অভিযানে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থার ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব পর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীল, পেশাদার ও আইনানুগ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নির্বাচন চলাকালে পুলিশের প্রধান লক্ষ্য হবে জনগণ যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করা। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিস্থিতি অনুযায়ী যতটুকু বলপ্রয়োগ একান্ত প্রয়োজন, কেবল ততটুকুই প্রয়োগ করতে হবে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের উল্লেখ করে আইজিপি বলেন, এ ক্ষেত্রে পুলিশের কাজ হবে কমিশনের অধীনে গঠিত এনফোর্সমেন্ট ও ইনকোয়ারি কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা। ভোটের দিন সব ইউনিটকে সক্রিয় রেখে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন নিয়ে পুলিশের ভাবার প্রয়োজন নেই। পেশাদারিত্ব, আত্মমর্যাদা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে দায়িত্ব পালন করলেই পুলিশের সাফল্য নিশ্চিত হবে। বিশেষ কল্যাণ সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সমাপনী বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান।
