Logo
Logo
×

চিঠিপত্র

স্মার্টফোন ব্যবহারে সচেতনতা জরুরি

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মার্টফোনের ব্যবহার আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। বদলে দিয়েছে যোগাযোগ, শিক্ষা, বিনোদন, ব্যবসা, চিকিৎসা ও পারস্পরিক সম্পর্ক। কিন্তু এই ডিজিটাল বাস্তবতা আমাদের ভার্চুয়াল জগতে বন্দি করে দিচ্ছে। আজ শিশু থেকে বৃদ্ধ-সবাই ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়ছে। বিশ্বব্যাপী তরুণ প্রজন্ম মোবাইল ফোননির্ভর হওয়ার কারণে শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক জীবনে নানামুখী নেতিবাচক সমস্যার সম্মুখীন হচ্ছে। চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, হতাশা ও বিষণ্নতা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তরুণরা পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগ হারিয়ে ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার নেশায় মত্ত হচ্ছে। ঘুম থেকে ওঠার পর প্রথমেই মোবাইল ফোন হাতে নেওয়া যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। টিকটক, ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিলেও অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় পায় না। একই ঘরে বসবাস করেও বাবা-মা, সন্তান বা ভাইবোনের মধ্যে মানসিক দূরত্ব বেড়ে যাচ্ছে। ভার্চুয়াল বন্ধুত্ব বাস্তব সম্পর্ককে গ্রাস করছে, ফলে সমাজে একাকিত্ব ও নিঃসঙ্গতা বাড়ছে। এ অবস্থার পরিবর্তনে মোবাইল ফোন ও ভার্চুয়াল মাধ্যমকে সচেতনভাবে ব্যবহার করতে হবে। প্রযুক্তি অবশ্যই সুবিধা দেবে, কিন্তু তা যদি মানুষের সামাজিক ও মানসিক বন্ধন নষ্ট করে দেয়, তাহলে সেটি লাভের চেয়ে ক্ষতির কারণই বেশি হবে। ভার্চুয়াল জগৎ মানুষের জীবনের সহায়ক হোক, শাসক নয়।

মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম