Logo
Logo
×

চিঠিপত্র

পুরান ঢাকায় দুর্ভোগ নিত্যদিন

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকা মানেই ইতিহাস-ঐতিহ্য। এখানকার প্রতিটি গলি, প্রতিটি দালান যেন শত বছরের স্মৃতি বয়ে বেড়ায়। কিন্তু এই ঐতিহ্যের শহরেই আজ মানুষ বাঁচছে নানা দুর্ভোগ নিয়ে। বাইরে থেকে পুরান ঢাকাকে যতটা রঙিন আর জীবন্ত মনে হয়, ভেতরের বাস্তবতা ততটাই কষ্টকর, ততটাই ক্লান্তিকর। পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা রাস্তা। সরু গলি, ভাঙা সড়ক আর অনিয়ন্ত্রিত যানবাহনের ভিড়ে চলাচল করা এখানে প্রতিদিনই এক ধরনের যুদ্ধ। বাসস্থানের অবস্থাও ভয়াবহ। পুরোনো ভবনগুলো জরাজীর্ণ, অনেকগুলো ঝুঁকিপূর্ণ, তবু মানুষ সেখানেই বসবাস করতে বাধ্য। নতুন করে সংস্কারের উদ্যোগ নেই, আবার ভাঙার ভয় আছে। উন্নয়নের কথা বলা হলেও পুরান ঢাকার মানুষ জানে, উন্নয়ন মানেই হয়তো উচ্ছেদ। পানি, বিদ্যুৎ ও গ্যাস-এই মৌলিক সেবাগুলোও এখানে অনিশ্চিত। ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল, আবর্জনা ব্যবস্থাপনা দুর্বল। পুরান ঢাকার সবচেয়ে স্পর্শকাতর সমস্যা হলো অগ্নিঝুঁকি। ঘনবসতি, কেমিক্যাল গুদাম, সরু রাস্তা-সব মিলিয়ে এখানে আগুন মানেই আতঙ্ক। এ শহরকে বাঁচাতে হলে শুধু উন্নয়নের স্লোগান নয়, দরকার পরিকল্পিত ও মানবিক উদ্যোগ। নয়তো একদিন হয়তো আমরা দেখব-পুরান ঢাকা আছে, কিন্তু তার মানুষ নেই; আছে ভবন, কিন্তু প্রাণ নেই। ঐতিহ্যের শহর তখন কেবল স্মৃতির পাতায়ই বেঁচে থাকবে।

সায়মা আক্তার, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম