|
ফলো করুন |
|
|---|---|
বর্তমানে বাজারে সবজি, মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে অত্যধিক কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। রং ব্যবহারে এগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়ে ওঠে, তেমনি স্বাস্থ্যঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য এ রং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। দীর্ঘমেয়াদে কৃত্রিম রঙের ব্যবহার হৃদরোগ, অ্যালার্জি, ক্যানসার এবং হরমোনজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। শিশুরা রঙিন খাবার পছন্দ করলেও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন নয়। খাদ্য প্রস্তুতকারকরা যদি প্রাকৃতিক ও নিরাপদ উপাদান ব্যবহার না করে খাদ্য তৈরি করে, তাহলে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, খাদ্যে কৃত্রিম রং ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং বাজারে নিয়মিত তদারকি নিশ্চিত করা হোক। বিশেষ করে বাজারে সবজি ও প্রক্রিয়াজাত খাবারে কৃত্রিম রং ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচি গ্রহণ এবং গণমাধ্যমে জনসচেতনতামূলক বক্তব্য প্রচারও জরুরি। শিশু ও যুবসমাজের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও সরকার মিলিতভাবে কৃত্রিম রংমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ নিলে এর ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারব। খাদ্যে কৃত্রিম রং বন্ধ করা শুধু স্বাস্থ্য রক্ষার জন্য নয়, বরং একটি সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ার জন্যও অপরিহার্য।
সৈয়দা নাজিফা আক্তার, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
