Logo
Logo
×

চিঠিপত্র

হকারদের পুনর্বাসন চাই

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে এবং যানজট নিরসনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে এ অভিযানের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা, যারা দীর্ঘদিন ধরে স্বল্প পুঁজি নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এই হকারদের একটি বড় অংশ সমাজের অবহেলিত ও নিম্নআয়ের মানুষ। তাদের অনেকেরই বিকল্প আয়ের উৎস নেই। হঠাৎ করে উচ্ছেদ করা হলে তারা বেকার হয়ে পড়বেন এবং পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়বেন। তাই উচ্ছেদ অভিযানের পাশাপাশি হকারদের জন্য টেকসই পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সরকার নির্দিষ্ট স্থান, খালি সরকারি জমি দিয়ে বা মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে। এতে করে একদিকে শহরে শৃঙ্খলা বজায় থাকবে, অন্যদিকে এই শ্রমজীবী মানুষরাও সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন। কাজেই মানবিক দৃষ্টিকোণ থেকে উচ্ছেদকৃত হকারদের দ্রুত পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ রইল।

মোহাম্মদ ইয়ামিন খান, হাবেলী গোপালপুর, সদর ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম