স্কুলের সামনে অস্বাস্থ্যকর খাবারের দোকান কেন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রায় প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে অস্বাস্থ্যকর খাবারের দোকান দেখা যায়। এসব খাবারের মধ্যে রয়েছে ফুচকা, ঝালমুড়ি, চটপটি, চানাচুর, আচার, ভাজাপোড়াজাতীয় খাবার, বিভিন্ন ধরনের রঙিন কোমল পানীয় প্রভৃতি। বেশির ভাগ সময় রাস্তার পাশেই এসব দোকান বসতে দেখা যায়। স্ট্রিট ফুড বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান কম থাকায় এবং খাবার তৈরিতে পরিচ্ছন্নতা বজায় না রাখায় সহজেই খাদ্যদ্রব্যের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ে। এ সমস্যা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্কুলের সামনে খাবারের দোকানগুলোয় নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে অস্বাস্থ্যকর খাবার তৈরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এছাড়াও স্কুল কর্তৃপক্ষকে স্কুলের ভেতরের ক্যান্টিনে নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে, যাতে শিশুরা বাইরের খাবারের প্রতি কম আকৃষ্ট হয়। সর্বোপরি অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার দিতে হবে, এতে শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে উঠবে। সরকার, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টাই পারে এই সমস্যা এড়াতে।
মিম আক্তার
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা
