এবারের নির্বাচন হলো বিভিন্ন বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ: ইসি সানাউল্লাহ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হলো গণতান্ত্রিক পুনরুদ্ধারের পাশাপাশি নির্বাচন কমিশনসহ বিভিন্ন বাহিনীর খোয়া যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। এটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে তাতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে। সোমবার বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন ইসি সানাউল্লাহ। পরে তিনি জেলা প্রশাসন সম্মেলনকক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির সভাপতিত্বে সভায় প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ইসি সানাউল্লাহ বলেন, যদি এক কথায় বলতে চাই, জুলাই গণ-অভ্যুত্থানের ব্যাকগ্রাউন্ড কারণ কী-তা হলো সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি ও বাজে নির্বাচন। আমরা সবাই এটি জানি, বুঝি এবং বুঝতে হবে। তাহলে ভবিষ্যতে কখনও এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে না। তিনি বলেন, নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। এটি ঠিক থাকলে নির্বাচন সুষ্ঠু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় যারা কাজ করেন, তাদের মূলেই হলো পুলিশ। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যাতে নির্বাচন কোনোভাবেই বিঘ্নিত, নষ্ট ও বিতর্কিত না হয়। আমাদের সবার উচিত সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।
