Logo
Logo
×

খবর

রমজানজুড়েই থাকছে ছুটি

১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান উপলক্ষ্যে ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একজন আইনজীবীর রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন।

এর আগে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল ২০ জানুয়ারি রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল বলেন, পবিত্র রমজানের ছুটি উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় দুটি চিঠি ইস্যু করে। এক চিঠিতে ১৫ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ থাকবে-উল্লেখ করা হয়। অন্যদিকে হাইস্কুলের (মাধ্যমিক বিদ্যালয়) ছুটি সংক্রান্ত চিঠিতে ৮ মার্চ থেকে বন্ধ শুরু হবে মর্মে বলা হয়। একই মন্ত্রণালয় থেকে চিঠি দুটি ইস্যু করা হয়, যা বৈষম্যমূলক। শুনানি শেষে হাইকোর্ট রুল দেন। আদেশে ৮ মার্চ থেকে নয়, ১৮ ফেব্রুয়ারি থেকে হাইস্কুল বন্ধ থাকবে, বলেছেন হাইকোর্ট। অর্থাৎ পুরো রমজান মাদ্রাসা যেমন বন্ধ থাকবে, তেমনই হাইস্কুলওবন্ধ থাকবে।’

এর আগে সরকারি/বেসরকারি এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসার ছুটির খসড়া তালিকা-২০২৬ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এতে পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস (২৬ মার্চ), শবেকদর (১৭ মার্চ), জুমআ’তুল বিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১ মার্চ) উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা বলা হয়।

এদিকে গত বছরের ২৮ ডিসেম্বর সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমআ’তুল বিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা উল্লেখ করা হয়।

রিট আবেদনের ভাষ্য, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। সংবিধানের ২-ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’। ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না। আইন অর্থ আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা ও রীতি। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এটিই প্রথা। এভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার ওই সিদ্ধান্ত সংবিধান সমর্থন করে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম