Logo
Logo
×

খবর

পুলিশ ফায়ার ফাইটারসহ ১১ জেলায় সড়কে নিহত ১৩

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ১১ জেলায় পুলিশ সদস্য ও ফায়ার ফাইটারসহ ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে দুজন, কুমিল্লার দাউদকান্দিতে দুজন, বগুড়ার শেরপুরে ফায়ার ফাইটার, কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশ কনস্টেবল, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একজন, সিলেটের দক্ষিণ সুরমায় একজন, জয়পুরহাটের আক্কেলপুরে ভ্যানচালক, চাঁদপুরে একজন, মাগুরার মহম্মদপুরে যুবক, ভোলায় শিশু এবং সিরাজগঞ্জে গৃহবধূ রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক আমির আলী ও ভ্যানযাত্রী শরিফ নিহত হয়েছে। তারা দুজনই কালিহাতীর গোহালিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। রোববার ঢাকা-যমুনা সেতু মহসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম নিহত হয়েছেন। টাঙ্গাইলের গোপালপুরের নগদাশিমুল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম হোসেনপুর থানায় কর্মরত ছিলেন। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার রাতে হোসেনপুর-নান্দাইল সড়কে জলসিঁড়ি পরিবহণের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

দাউদকান্দি (কুমিল্লা) : যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহতরা হলেন- অটোরিকশাচালক ফারুক ও বাসের যাত্রী মিজানুর রহমান। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

বগুড়া : বগুড়ার শেরপুরে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বাসের ধাক্কায় স্টেশনে ঢুকে পড়া মিনি ট্রাকের চাপায় ফায়ার ফাইটার আহসান হাবিব নিহত হয়েছেন। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামের আবেদার রহমানের ছেলে। শনিবার রাতে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ ঘোনা-কদমতলি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত খাইরুল বাশার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। রোববার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ ঘোনা হাজীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বড়লেখা (মৌলভীবাজার) : ট্রাকের ধাক্কায় নিহত মাওলানা নাজমুল ইসলাম যুগান্তরের কুলাউড়া উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলামের ভাই। রোববার প্রাইভেটকারযোগে সিলেটে যাওয়ার পথে সিলেটের দক্ষিণ সুরমায় দুর্ঘটনাটি ঘটে।

জয়পুরহাট : মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নিহত আব্দুল হান্নান ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের আব্দুল গণি মন্ডলের ছেলে। রোববার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগারে দুর্ঘটনাটি ঘটে।

চাঁদপুর : অ্যাম্বুলেন্স, ভ্যান ও মাছ বহনকারী সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত কামাল হোসেন কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। রোববার ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

মহম্মদপুর (মাগুরা) : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত ইয়াকুব শেখ মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে। রোববার উপজেলার যশপুর ঈদগাহের সামনে দুর্ঘটনাটি ঘটে।

ভোলা : মালবাহী নসিমনচাপায় নিহত আলিফা দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের নোমানের মেয়ে। শনিবার সন্ধ্যায় ভোলা-বরিশাল ফেরিঘাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।

সিরাজগঞ্জ : বাসচাপায় নিহত আঁখি খাতুন সিরাজগঞ্জ শহরের জুবলী রোডের ফারুক হোসেনের স্ত্রী। রোববার পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। রোববার খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম