Logo
Logo
×
   

খবর

সাগর হত্যার রহস্য উদ্ঘাটন

মানিকগঞ্জে প্রধান আসামি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে সাগর আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে (৪১) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মানিকগঞ্জ পিবিআই কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী। সংবাদ সম্মেলনে সূত্রে জানা গেছে, ২৭ জুলাই রাত ৮টার দিকে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তারা মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়াঘাট এলাকায় যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস (মাদক) থাকার অভিযোগ তোলেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। আসামিরা স্বাধীনকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। আটক থাকার একপর্যায়ে সাগর ভয়ে দৌড়ে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেন। এরপর নদীতে তার সন্ধান পাওয়া যায়নি। পরে ২৯ জুলাই দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানির মধ্য থেকে একটি লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সাগরের বলে শনাক্ত করেন।

পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, আসামিদের অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন এবং অবহেলার কারণেই পানিতে ডুবে সাগরের মৃত্যু হয়েছে। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সদর উপজেলার নবগ্রাম থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার তদন্তও অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .