টঙ্গীতে গণপিটুনিতে যুবলীগ নেতা ইসমাইল নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে ইসমাইল নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সরকারের পতনের খবরে উৎফুল্ল ও বিক্ষুব্দ জনতা সোমবার রাত ৯টায় ইসমাইলকে টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোডে ঘেরাও করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ইসমাইল গাজীপুর মহানগরীর টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
এলাকাবাসী জানান, ইসমাইল যুবলীগে যোগ দেওয়ার পর খুব বেশি বেপরোয়া হয়ে উঠেন। এলাকার সাধারণ মানুষ ছিল তার কাছে জিম্মি। তিনি টঙ্গী কলেজ গেট ও চেরাগআলী এলাকায় কয়েকটি ফুটপাত নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও এলাকার সাধারণ ব্যবসায়ী, মার্কেট ও বাড়ির মালিকরা তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল। বাসা-বাড়ির নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদাবাজি এবং দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বিচার-সালিশের নামে মানুষকে হয়রানি ও জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করত। পেশাদার সন্ত্রাসী ইসমাইলকে দিয়ে টঙ্গীর অভিজাত এলাকা আউচপাড়া নিয়ন্ত্রণ করায় স্থানীয় সংসদ সদস্য ও তার চাচার প্রতিও এলাকাবাসী ক্ষুব্দ।
