Logo
Logo
×

ঘরে বাইরে

বসন্ত ভালোবাসায় শিশুদের পোশাক

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন ঋতুর আগমন আর কিছুদিন পর। শীতের বিদায় বেলায় গাছে গাছে নতুন ফুল আর পাতার রঙিন মেলায় বসন্তের সুবাস বইছে চারপাশে। কেবল প্রকৃতিতে নতুন রং-ই না, ভালোবাসার দিনটিও যুক্ত হয়েছে এর সঙ্গে। বড়দের পাশাপাশি ছোটদেরও তাই নানা পরিকল্পনা থাকে দিন আর উৎসবগুলোকে ঘিরে। যেহেতু বাড়ির ছোট সদস্যদের বিষয় মাথায় রেখে বড়দেরকেও দিনগুলো সাজাতে হয় সে ভাবেই।

হঠাৎ করেই যেন গরম পড়তে শুরু করেছে চারপাশে। দিনের শুরুর দিকে এই কয়দিন আগেও যখন রোদ গায়ে মাখতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতে হতো, এখন দিনের প্রথম থেকেই রোদের দেখা মিলছে পুরোপুরি। তাই গরমও দিনের বেলায় অনেকটাই উপস্থিতি জানান দিচ্ছে অল্প স্বল্প আকারে। কাজেই শিশুদের বেলাতে এ ঋতুতে গরমের কথা মাথায় রেখেই পোশাক বেছে নিতে হবে আপনাকে। যেহেতু হাতেও সময় কম তাই পছন্দমতো বানিয়ে যেমন নিতে পারছেন, তেমনি কেনাকাটা আগেই সেরে নিতে পারছেন। কাপড়ের বিষয়ে সুতি এ ঋতুর জন্য সবচেয়ে ভালো। তবে চাইলে আপনি আপনার সোনামণির জন্য কটন কিংবা সিল্ক কাপড়ের মাঝেও কিছু নতুনত্ব ফুটিয়ে তুলতে পারেন। মেয়েদের ক্ষেত্রে গোল ফ্রক, সালোয়ার কামিজ, লং কুর্তি, শার্ট, পঞ্চ, ফতুয়া আর শাড়ি আপনার পছন্দমতো বেছে নিতে পারেন। কেবল ভালোবাসা আর বসন্তের দিন দেখে লাল আর বাসন্তি হলুদকেই যে রঙের তালিকায় রাখতে হবে এমন কিন্তু না, যে কোনো উজ্জ্বল রং যেমন-কমলা, সবুজ, গোলাপি, নীল রংকেও এ সময়ের পোশাকের রং হিসাবে বেছে নিতে পারেন। ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, শার্ট খুব আরামেই আপনি দিনে কিংবা রাতের যে কোনো আয়োজনে বেছে নিতে পারেন। যেহেতু ছোটদের ক্ষেত্রে ঘোরাঘুরি মানেই খেলাধুলা, কাজেই ঘাম আর গরম সবার থেকে এদেরকে বেশি নাজেহাল করে। তাই বাইরে যাওয়ার আউটফিট হয় ঢিলেঢালা আর নরম যা ঘাম শুষতে পারে দ্রুত, তাই বেছে নিন। চেষ্টা করুন দিনের দুই ভাগে আর রাতের জন্য আলাদা পোশাক রাখতে। খুব ভারী কাজ শিশুর পোশাকে না রাখাই ভালো। এতে আপনার ছোট্ট সোনামণি যেমন আরাম পাবে তেমনি আপনিও স্বস্তি পাবেন।

ঘোরাঘুরিতে লং জার্নির ক্ষেত্রে শিশুর জন্য খাবার আর প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে রাখুন। চেষ্টা করুন দিনে দিনে ঘুরে আসা যায় এমন জায়গা বেছে নিতে, যাতে শিশু বেশি ক্লান্ত হয়ে না পড়ে। এভাবে আপনিও বসন্তের ভালোবাসায় আপনার প্রিয় মানুষ আর বাড়ির ছোট সদস্যদের সঙ্গে দিনটি আনন্দে কাটাতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম