Logo
Logo
×

ঘরে বাইরে

বসন্ত আর ভালোবাসার দিনে

Icon

মানসুরা সিদ্দিক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাতাসে গুঞ্জন, বসন্ত বুঝি চলে এলো দুয়ারে। ফুলে ফুলে সাজতে শুরু করেছে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা আর তার মন মাতানো গন্ধ বলে দেয়, ফাল্গুনের আর বেশি দেরি নেই। শীতের একঘেয়ে দিনের শেষে দেখা মিলবে বসন্তের। শুধু কি তাই, সেইসঙ্গে ভালোবাসার বার্তা নিয়ে আসছে ভালোবাসা দিবসও। বসন্তের এমন মন কেমন করা দিনে ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথা জানান দিতে হবে না?

বসন্ত আর ভালোবাসা দিবসের নানা আয়োজন থাকে শহরজুড়ে। প্রিয় মানুষটিকে দুটি ফুল দিয়ে হলেও চমকে দেওয়ার থাকে প্রচেষ্টা। তবে অনেকে আবার ভালোবাসার জন্য আলাদা কোনো দিবসে বিশ্বাসী নন। তাদের নিরাশ হওয়ার কিছু নেই। রঙে রঙে সেজে উঠছে প্রকৃতি। প্রকৃতির এ বাহারি আয়োজন আপনার চোখ ধাঁধিয়ে দেবেই।

শহুরে জীবনের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। তবুও মানুষ তো প্রকৃতিরই অংশ। তারা সুযোগ পেলেই ছুটে যেতে চায় প্রকৃতির কাছে। চলতি পথে কখনো-সখনো এক-আধটা ফুল কিংবা পাখির দেখা পেলে মন কেমন হু হু করে ওঠে না? আসলে ইট-পাথরের শহরে বন্দি থাকলে কী হবে, আমাদের মন তো পড়ে থাকে ফেলে আসা সেই কাদা-মাটির পথের ধারে। যেখানে সবুজ বন ছুঁয়ে আসা বাতাস আর নদীর বয়ে চলা ঢেউ আমাদের ডেকে চলে অবিরত। হয়তো সেখানে ফেরা হয় না আমাদের, তবু প্রকৃতির পরিবর্তন মনে করিয়ে দেয় আমরাও একদিন প্রকৃতির খুব কাছাকাছি ছিলাম।

বসন্ত মানেই অকারণে একটু বেশি ভালোলাগা যেন। এমন দিনগুলোতে সবকিছুই যেন ভালোলাগে। দিনের শেষে বাড়ি ফিরে না গরম না ঠান্ডা বাতাসে এক চিলতে বারান্দায় বসে এক কাপ কফি কিংবা চা খেতে মন্দ লাগে না। বারান্দাজুড়ে শখের ফুলগাছগুলোতে ধরে নানা রঙের ফুল। মন ভালো করার জন্য এর চেয়ে বেশি কিছুর তখন প্রয়োজনও পড়ে না। নিজের, প্রিয়জনের প্রতি আরেকটু বেশি যত্নশীল হতে আর ভালোবাসতে শেখায় এমন দিনগুলো। বসন্তে হলুদ আর সবুজে সেজে উঠুন কিংবা ভালোবাসা দিবসের লাল রঙে, সবার আগে খেয়াল রাখতে হবে নিজের এবং পরিবারের প্রতিই।

আবহাওয়া পরিবর্তনের এ সময়ে আমাদের শরীর অনেকটা মানিয়ে নিতে পারে না। তখন শরীরে নানা অসুখ-বিসুখ দেখা দিতে পারে। জীবনে সবচেয়ে জরুরি হচ্ছে সুস্থা। কারণ শরীর সুস্থ থাকলেই আপনি বাকি সবকিছু সুন্দরভাবে সামলে নিতে পারবেন। তাই নিজের ও আপনজনদের সুস্থ থাকার দিকে মনোযোগ দিন। এসময় খাবার, প্রতিদিনের অভ্যাস, পোশাক সবকিছুর প্রতিই বিশেষ সচেতন হতে হবে। সবাই সুস্থ থাকলে দিনগুলো নিজ থেকেই সুস্থ হয়ে উঠবে।

বসন্তকে বরণ করে নিতে কিংবা ভালোবাসার দিনটিকে বিশেষ করতে পছন্দের সাজ আর পোশাক বেছে নিতে পারেন। তবে এমন কোনো শর্ত নেই যে, নতুন কিংবা নির্দিষ্ট রঙের পোশাক আপনাকে পরতেই হবে। নিজের ভুবনে আপনি নিজেই রাজা অথবা রানি। সেখানে অপরের ঠিক করে দেওয়া পছন্দ বা অপছন্দ কতটুকুই বা গ্রহণযোগ্য? দিনটিকে আলাদা করে উদযাপন করবেন কি না, বিশেষ কোনো আয়োজন রাখবেন কি না, সেটি শেষ পর্যন্ত আপনারই সিদ্ধান্ত। তবু জানেন তো, ফুল ফুটুক অথবা না-ই ফুটুক, বসন্ত আসবেই। সেই রঙিন ফুলের সৌরভ ছড়িয়ে পড়ুক আমাদের সবার জীবনে। প্রকৃতির মতোই উদার হোক আমাদের হৃদয়। ভালোবাসা তো ভালোবাসার প্রকাশেই সুন্দর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম