Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

নির্বাচন যাতে না হয়, সেজন্য বাধা সৃষ্টি করা হচ্ছে: দুদু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কীভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক ও গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো এবং বাধাগ্রস্ত করা যায়। নির্বাচন যাতে না হয়, এর জন্যও বাধা সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। সংগঠনের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, শামসুল হুদা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু আরও বলেন, আমি অশুভ শক্তিকে বলব, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু, নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম