Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাজীপুর-১ আসনে আস্থা মজিবুরেই

পৌর প্রশাসক থেকে মেয়র এখন সংসদ-সদস্য

Icon

সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পৌর প্রশাসক থেকে মেয়র এখন সংসদ-সদস্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্রশাসক থেকে মেয়র মজিবুর রহমান এখন সংসদ-সদস্য। গাজীপুর-১ আসনে এই বিএনপি নেতার প্রতিই আস্থা রেখেছে এলাকাবাসী। বিএনপির সঙ্গে তার যাত্রা ছাত্ররাজনীতি থেকে। দলটির একসময়কার প্রভাবশালী নেতা চৌধুরী তানবীর আহম্মেদ সিদ্দিকী তাকে কালিয়াকৈর পৌরসভার প্রশাসকের চেয়ারে বসান। দায়িত্ব পালন করতে গিয়েই মানুষের আস্থা অর্জন করেন তিনি। এরপর নির্বাচন, আর বিপুল ভোটে জয়। একবার নয়, টানা দুইবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে জনগণের নেতা হয়ে ওঠেন।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ-সদস্য (এমপি) হয়েছেন। মজিবুর রহমান ২ লাখ ৮ হাজার ৬৮৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহ্ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।

২০০৪ সালে তানবীর আহম্মেদ সিদ্দিকীর স্নেহধন্য হয়ে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান। প্রশাসক থাকা অবস্থায় ২০১১ ও ২০২২ সালে দুইবার বিএনপির একক প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হন। একসময় তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ পান। ২০ বছর প্রশাসক ও মেয়র থাকা অবস্থায় সাধারণ মানুষের মন জয় করে নেন মজিবুর। তার এখন পরিচিত নাম মেয়র মজিবুর। যখন দলের মনোনয়নের জন্য অনেকেই চেষ্টা করেছেন, তখন চমক দেখিয়ে তিনি মনোনয়ন নিয়ে আসেন। পরে দ্বিধাবিভক্ত বিএনপিকে একত্র করে কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন থানা এলাকায় রাত-দিন পরিশ্রম করে জামায়াতের শাহ আলম বকশীকে বিপুল ভোটে পরাজিত করেন।

দীর্ঘ সময় ধরে স্থানীয় সরকার ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতা তাকে দিয়েছে এক বিশেষ পরিচিতি। পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, আলোকসজ্জা, বাজার ব্যবস্থাপনার মতো উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে আছে বহুদিন। নাগরিক সেবা সহজ, কর আদায়ে শৃঙ্খলা আনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ক্ষেত্রেও তিনি রেখেছেন সক্রিয় ভূমিকা। এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার থেকে জাতীয় রাজনীতিতে তার এই উত্তরণকে অনেকেই দেখছেন অভিজ্ঞতার স্বীকৃতি হিসাবে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন মাঠে কাজ করা নেতাদের প্রতি ভোটারদের আস্থা তুলনামূলক বেশি থাকে। বিশেষ করে শিল্পাঞ্চল ও দ্রুত নগরায়ণশীল এলাকায় অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ। কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও আশপাশের এলাকার ভোটাররা মনে করছেন, পৌর মেয়র হিসাবে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তা সংসদ-সদস্য হিসাবে এলাকার উন্নয়নে কাজে লাগবে।

মজিবুর রহমান বলেন, দল আমার ওপর আস্থা রেখে আমাকে গাজীপুর-১ আসন থেকে মনোনয়ন দিয়েছে। আমি সেই আস্থা রেখেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম