Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

দুই-তৃতীয়াংশ আসনে জয়

নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন সারা দেশের নির্বাচিত সংসদ-সদস্যরা। তাদের পাশাপাশি আসছেন নেতাকর্মীরাও। ৩ দিন ধরে তারা রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

রোববার সরেজমিন দেখা যায়, তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে নেতাকর্মীরা ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তবে নিরাপত্তার কারণে কার্যালয়ের ভেতরে সিএসএফ সদস্যরা সবাইকে ঢুকতে দেননি। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসা সিনিয়র ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ-সদস্য এবং তাদের সীমিতসংখ্যক প্রতিনিধি শুধু ভেতরে ঢোকার সুযোগ পেয়েছেন। আর ফটকের বাইরে একজন সিএসএফ সদস্য তাদের তথ্য সংগ্রহ করেছেন। অন্য নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করেছেন। কার্যালয়ের আশপাশের সড়কে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

সিনিয়র নেতাদের মধ্যে বেলা ১১টার দিকে কার্যালয়ে আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১২টার পর তারেক রহমানের গাড়িবহর কার্যালয়ে পৌঁছায়। এ সময় বাইরে থাকা নেতাকর্মীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমানও গাড়ির ভেতর থেকে তাতে সাড়া দেন। বেলা পৌনে ১২টার দিকে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ে আসেন পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য এবিএম মোশাররফ হোসেন। দুপুর ১২টার দিকে আসেন ঢাকা-২০ আসনের সংসদ-সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ফটকের সামনে থাকা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি কার্যালয়ের ভেতরে যান। দুপুর ১২টা ১৫ মিনিটে আসেন গাজীপুর-৫ আসনের সংসদ-সদস্য একেএম ফজলুল হক মিলন। তারেক রহমান কার্যালয়ের ভেতরে ঢোকার পর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সেখানে ঢোকেন শফিকুল ইসলাম মিল্টন। ঢাকা-১৫ আসনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি জামায়াতের আমির শফিকুর রহমানের কাছে ২১ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। দুপুর ১টার দিকে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ-সদস্য এনামুল হক এনাম। ফুল হাতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে আসেন। দুপুর দেড়টার দিকে আসেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত সংসদ-সদস্য ওয়াদুদ ভূঁইয়া। নির্বাচিত সংসদ-সদস্য রেজা কিবরিয়াও কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম