সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণায় দুজন গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিজেদের ডিজিএফআই পরিচয় দিয়ে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সোনারগাঁয়ে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার রাতে মোগড়াপাড়ার ছোট সাদিপুরের পানাম ফুড পার্কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় ভুয়া দুই ডিজিএফআইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দির দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁর নানাখির আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের কাছ থেকে অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের আচরণ সন্দেহজনক হলে আতাউর সোনারগাঁ থানাকে অবহিত করেন।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃতরা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলেন। অভিযুক্তদের গ্রেফতার করে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
