Logo
Logo
×
   

স্বজন সমাবেশ

স্বজন সাফল্য

সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন স্বজন সভাপতি দেওয়ান সামছুর রহমান

Icon

রোকনুজ্জামান রোকন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, এ মানুষরূপী মানুষগুলোকে সত্যিকার মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান আকাশচুম্বী। মানুষ গড়ার কারিগরখ্যাত এ মানুষগুলোর শাসনের ভেতরে লুকিয়ে থাকে ছাত্রছাত্রীদের প্রতি গভীর ভালোবাসা, স্নেহ আর মায়া। মানুষের মনের অন্ধকার দূর করে প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে শিক্ষকরা শ্রম দিয়ে যান জীবনভর।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী এলাকার তেমনি একজন শিক্ষক দেওয়ান সামছুর রহমান। একইসঙ্গে তিনি যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি। দেওয়ান সামছুর রহমান বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা বারদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেওয়ান আবদুল বাতেন। একজন আদর্শ শিক্ষক পিতার আদর্শ শিক্ষক সন্তান তিনি। ১২ জুন শুক্রবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি কর্তৃক মনোনীত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান করা হয় তাকে।

তিনি সিনিয়র শিক্ষক হিসাবে সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত গোয়ালপাড়া হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন থেকে অত্র বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত। নিজ এলাকার এ বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করা এবং এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত দেওয়ান সামছুর রহমান। স্বজন সমাবেশের সভাপতি হিসাবেও স্বজনদের কাছে প্রিয় তিনি। পিতার আদর্শকে লালন করতে গিয়ে অন্য পেশায় যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি পিতার পেশাই বেছে নিয়েছেন। প্রকৃতির সবুজ সতেজ নীরবতা, নদীর স্বচ্ছ জল, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, খোলা আকাশ, জ্যোৎস্না রাতের প্রেমে পড়া এ মানুষটি শিক্ষকতার পাশাপাশি একজন লেখকও। ২০১৭ সালের একুশে বইমেলায় ‘আমাদের নক্ষত্রেরা’ ও ২০২৫ সালে ‘সোনারগাঁয়ের সোনালি ইতিহাস’ নামে তার দুটি গ্রন্থ প্রকাশিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের সোনারগাঁও শাখার স্বজন সভাপতি দেওয়ান সামছুর রহমান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সোনারগাঁ স্বজনদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, সোনারগাঁও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .