পাকিস্তানের অপেক্ষা বাড়িয়ে সুপার এইটে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টসের সময় কয়েন ছুঁড়লেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ‘হেড’ ডাকলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। হেড ওঠায় টস জিতে হাসি মুখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানান সালমান। কিন্তু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি ২০ বিশ্বকাপের রবিবাসরীয় মহারণে যে দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটরোমান্টিকরা, সেটির অবতারণা হলো না শেষ পর্যন্ত। গত বছরের এশিয়া কাপ থেকে চালু হওয়া ‘নো-হ্যান্ডশেক’ ধারা অব্যাহত রেখে এবারও টসের আগে বা পরে হাত মেলাননি দুই অধিনায়ক। ক্রিকেটের আঁচে ভারত-পাকিস্তান বৈরিতার বরফ যেমন গলেনি, তেমনি জমেনি মাঠের লড়াইও। ক্রিকেটের আরেকটি একপেশে ক্লাসিকোতে পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে এ-গ্রুপ থেকে সুপার এইটে জায়গা করে নিল ভারত। সুপার এইটে ভারতের সঙ্গী হতে পাকিস্তানকে এখন শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে। টি ২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে নয় ম্যাচে এটি পাকিস্তানের অষ্টম হার। ২০২২ টি ২০ বিশ্বকাপের পর কোনো সংস্করণেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি পাকিস্তান।
টি ২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসাবে এক ম্যাচে ছয় স্পিনার ব্যবহার করেও ভারতের বিপক্ষে টানা হারের ধারায় ছেদ টানতে পারেনি পাকিস্তান। টার্নিং উইকেটে দুই দলের বাকি সব ব্যাটার ভুগলেও ওপেনার ইশান কিষানের ৪০ বলে ৭৭ রানের টর্নেডো ইনিংসে সাত উইকেটে ১৭৫ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায় ভারত। জবাবে ৩৪ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়। ৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩* রান আসে শাহিন আফ্রিদির ব্যাট থেকে। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, জাতপ্রিত বুমরা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। পরে বিসিবি ও পিসিবির সঙ্গে আইসিসির সমঝোতায় ভারতের বিপক্ষে খেলতে রাজি হয় পাকিস্তান। বাণিজ্যিক দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি মাঠে গড়ানোয় আইসিসি ১৭৪ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি থেকে বাঁচলেও মাঠের লড়াই একদমই জমেনি। অসুস্থতা কাটিয়ে ফেরা ভারতের আরেক তারকা ওপেনার অভিষেক শর্মা প্রথম ওভারে শূন্য রানে আউট হলেও আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তানি স্পিনারদের লাইন-লেন্থ এলোমেলো করে মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন আরেক ওপেনার ইশান কিষান। তাকে ৭৭ রানে থামান তিন উইকেট নেওয়া সাইম আইয়ুব। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন সূর্যকুমার।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১৭৫/৭, ২০ ওভার (ইশান কিশান ৭৭, তিলক ভার্মা ২৫, সূর্যকুমার যাদব ৩২, শিবম দুবে ২৭। সাইম আইয়ুব ৩/২৫)।
পাকিস্তান ১১৪/১০, ১৮ ওভারে (উসমান খান ৪৪, শাহিন আফ্রিদি ২৩*। হার্দিক পান্ডিয়া ২/১৬, জাসপ্রিত বুমরা ২/১৭, বরুণ ২/১৭, অক্ষর ২/২৯)।
ফল : ভারত ৬১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ইশান কিশান।
